
ঐতিহ্যবাহী সৌদি পোশাক পরা বিক্রয়কর্মীদের দেখে সঙ্গের বন্ধুটি বলল, আরবি তো জানি না। ইংরেজিতে বলব? এ সময় সামনে দাঁড়ানো বিক্রয়কর্মী বলে উঠলেন, দেশি ভাই, কী কইবেন কন।
আলখাল্লা আর পাগড়ি—সৌদি ভাষায় তোপ, সেমাগ ও একাল—এর আড়ালে জলজ্যান্ত বাংলাদেশি সামনে দাঁড়িয়ে। চেহারা দেখে এবং অনর্গল আরবি কথা শুনে বোঝার উপায় নেই। মক্কার বিপণিবিতান জমজম টাওয়ারের বহু দোকানে এ রকম সেলসম্যান হিসেবে অনেক বাংলাদেশি কর্মরত আছেন।
দোকানগুলোয় সুন্দর ও নকশা করা টুপি দেখে মুগ্ধ হই। হাতে নিয়ে মন ভরে ওঠে। কারণ, টুপির গায়ে লেখা ‘মেইড ইন বাংলাদেশ’। বিদেশবিভুঁইয়ে নিজ দেশের টুপির কদর দেখে বাংলাদেশিরা গর্ব বোধ করতেই পারেন। দোকানগুলোতে বিভিন্ন নকশা আর সুঁই-সুতার নিপুণ কাজ করা টুপিগুলো সহজেই ক্রেতাদের নজর কাড়ে।
বিক্রেতারা জানান, পবিত্র হজের সময় টুপি বিক্রি অনেক বেড়ে যায়। বাংলাদেশি হাজিদের পাশাপাশি অন্য দেশের হাজিরাও টুপি কেনেন স্বজন-পরিচিতজনদের উপহার দেওয়ার জন্য। তাঁদের দাবি, চাহিদার দিক থেকে এগিয়ে বাংলাদেশের টুপি। মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান অন্যান্য দেশেও আছে এর ব্যাপক চাহিদা।
কয়েকটি দোকান ঘুরে কথা বলে জানা গেল, এসব টুপি তৈরি হয় ফেনী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, ভোলা, কুমিল্লার চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, চট্টগ্রাম, পটুয়াখালী, ময়মনসিংহ, সিলেট, বাগেরহাটসহ বেশ কয়েকটি এলাকায়। এসব টুপি তৈরিতে নিয়োজিত আছেন মূলত নারীরা, যা তাঁদের উপার্জনের সুযোগ করে দিয়েছে।
কাজি ক্যাপ হাউসের স্বত্বাধিকারী কাজি সেলিম জানালেন, কমপক্ষে পাঁচ হাজার নারী টুপি তৈরির কাজ করেন। একটি টুপি তৈরিতে সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগে। ঘরের কাজের ফাঁকে গৃহিণীরা এ কাজ করেন। তাই মাসে এক থেকে দেড় হাজারের বেশি টুপি তৈরি করিয়ে আনা সম্ভব হয় না। কারণ, এক মাসে একজন নারী সর্বোচ্চ চারটি টুপি তৈরি করতে পারেন। একটি টুপিতে নকশা করে সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকা পান একজন নারী।
কাজি সেলিম জানান, চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং কক্সবাজারের বিভিন্ন গ্রামে কাজি ক্যাপ হাউসের জন্য কাজ করে টুপির কারিগরেরা। কাপড় ও সুতা বুঝিয়ে দেওয়া এবং বানানো হলে টুপি সংগ্রহের জন্য ১৫ জন লোক নিয়োগ করেছেন তিনি। এ মধ্যস্থতাকারীরা টুপিপ্রতি পান ৫০ টাকা।
টুপি তৈরিতে ব্যবহার করা হয় জাপানি কাপড় ও ভারতীয় সুতা। কাপড় ও সুতা কিনে নকশার নমুনা দিয়ে গ্রামের নারীদের কাজ বুঝিয়ে দেওয়া হয়। এখানকার বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেল, নকশা করা টুপি তৈরিতে ১১টি ধাপ আছে। কাপড় কাটা, ইস্ত্রি করা, নকশা আঁকার পর সুঁই-সুতার বুননে তা ফুটিয়ে তোলা। এটি সবচেয়ে জরুরি ধাপ। এ কাজ খুব সূক্ষ্ম ও সময়সাপেক্ষ। নকশা তোলা শেষে আবার কাটিং করে ধোলাই ও ইস্ত্রি করা হয়। লাগানো হয় টুপির মাঝখানের অংশ (টপ)। যন্ত্রে আঁকা নকশা ফুটে ওঠে সুঁই-সুতার বুননে। পরে কাপড়গুলো সেলাই করে তৈরি হয় টুপি। সেই টুপিই পাঠানো হয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
হজের তথ্য: জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত ৭৪ হাজার ১৫০ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৫৩ জন এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন। প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও জরুরি তথ্য পেতে ভিজিট করুন www.hajj.gov.bd.