বাংলাদেশের তালবিয়া ডেনমার্কের ছায়া রাষ্ট্রদূত

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী তালবিয়া তানভিরকে এক দিনের জন্য ছায়া রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছে ডেনমার্ক। আগামী সপ্তাহে এক দিনের জন্য তিনি ঢাকায় ডেনমার্কের ছায়া রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন।
ঢাকার ডেনমার্ক দূতাবাস জানিয়েছে, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে তারা উল্লেখযোগ্যসংখ্যক আবেদনকারীর মধ্য থেকে তালবিয়াকে নির্বাচিত করেছে। আগামী সপ্তাহে দায়িত্ব পালনের আগে নিজের কাজের প্রস্তুতি নিতে তালবিয়া গতকাল বুধবার দূতাবাসে এসে রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ারের সঙ্গে দেখা করেন।
কূটনীতিক হিসেবে সরাসরি দায়িত্ব পালনের মাধ্যমে নারী নেতৃত্ব বিকাশের জন্য একজন বাংলাদেশি তরুণীকে অনন্য এই সুযোগটি করে দিয়েছে ডেনমার্ক দূতাবাস।
একটি দূতাবাসের কার্যক্রম এবং সত্যিকারের আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতি, উন্নয়ন ও ব্যবসা একসঙ্গে কীভাবে কাজ করে—এ ব্যাপারে জানার সুযোগ পাবেন ছায়া রাষ্ট্রদূত।
ছায়া রাষ্ট্রদূতের এই ধারণা বাংলাদেশের তরুণীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা দূতাবাসের। তারা বলেছে, নারী রাষ্ট্রদূতদের নেতৃত্বে পরিচালিত কয়েকটি দূতাবাস এই উদ্যোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তালবিয়া। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে যতটা সম্ভব শিখতে এবং নিজের যোগাযোগের পরিধি বাড়াতে আগ্রহী।
তালবিয়া বলেন, ‘আমি বিশ্বাস করি, কখনো কখনো নারীকে পিছিয়ে রাখার বিদ্যমান শিক্ষা ও সামাজিক ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত।’
তালবিয়া নারীর শারীরিক নিরাপত্তা বাড়াতে চান, যাতে রাস্তায় তাঁদের নিরাপত্তা নিশ্চিত হয়।
ডেনমার্কের রাষ্ট্রদূত এসকয়ার বলেন, ‘আমি বিশ্বাস করি, নারীর অধিকার বিকাশ এবং বাংলাদেশের অর্থনৈতিক ক্ষমতায়নে ডেনমার্কের অগ্রাধিকারের বিষয়টি এই উদ্যোগে প্রতিফলিত হচ্ছে।’