বাংলাদেশের দক্ষ লোক নেবে সৌদির প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার দক্ষ লোক নেবে সৌদি আরবের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি আল-বাওয়ানি গ্রুপ। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ওই দেশের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে নিয়োগের জন্য বিনা খরচে এ দেশের দক্ষ লোকজন সুযোগ পাবেন।
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের শিমুলতলী এলাকায় সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শনে এসে সৌদি আরবের আল-বাওয়ানি গ্রুপের দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এ ঘোষণা দেয়। কোম্পানির মহাব্যবস্থাপক ফাখার আবদুল মায়িন আল শাওয়াফ ও উপদেষ্টা জে কেলভিন তিন দিনের সফরে ২২ আগস্ট বাংলাদেশে আসেন।
গতকাল সকালে প্রতিনিধিদল গাজীপুরে টিটিটিআই পরিদর্শনকালে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন ও ওয়ার্কিং ল্যাব ঘুরে দেখেন। তাঁরা প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ও টিটিটিআইয়ের প্রশংসা করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের ইংরেজি, আরবি ভাষাসহ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা বাড়াতে অনুরোধ জানান তাঁরা।
ফাখার আবদুল মায়িন আল শাওয়াফ বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে। অতীতেও বাংলাদেশিরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে সেখানকার উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছেন। এখন যে কর্মীদের নিয়োগ দেওয়া হবে তাঁরা বিনা খরচে সেখানে উচ্চ বেতনে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাবেন।
এ সময় সেনা কল্যাণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আহমেদ, কর্নেল জিল্লুর রহমান, টিটিটিআইয়ের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) আছয়াদুর রহমান, ভাইস প্রিন্সিপাল মেজর (অব.) শ্যামলেন্দু কবিরাজ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।