ব্রিটিশ সাংসদ জন ডেনহাম বলেছেন, ‘বাংলাদেশের হতদরিদ্র মানুষের বাসস্থান ও মৌলিক সুবিধা নিশ্চিত করতে এ দেশের স্থানীয় সরকারের সঙ্গে অংশীদারির ভিত্তিতে আমরা কাজ করছি। বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের আন্তরিক চেষ্টা রয়েছে। পরবর্তী সময়ে এ দেশের ৩০টি শহরে একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ও দারিদ্র্য হ্রাসকরণ কৌশলপত্র তৈরি করা হবে।’গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের (ইউপিপিআরপি) উদ্যোগে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জন ডেনহাম এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপিপিআরপির আন্তর্জাতিক প্রোগ্রাম ব্যবস্থাপক রিচার্ড গিয়ার, ইউপিপিআরপির বাংলাদেশের প্রকল্প পরিচালক আলী আহমেদ। বক্তৃতায় জন ডেনহাম আরও বলেন, প্রকল্পভুক্ত এলাকাগুলোর বস্তি এলাকায় পয়োনিষ্কাশন নালা, নলকূপ, নালাসহ বসবাসের উপযোগী স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা হবে এবং দারিদ্য বিমোচনে সহায়তা দেওয়া হবে।প্রসঙ্গত, বাংলাদেশের ছয়টি সিটি করপোরেশন ও ২৪টি পৌরসভার ৩০ লাখ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ব্রিটিশ স্থানীয় সরকারের সহযোগিতায় ‘নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প (ইউপিপিআরপি)’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়।প্রকল্পটি শুরু হয় ২০০৭ সালে, চলবে ২০১৫ সাল পর্যন্ত। প্রকল্পভুক্ত সাতটি পৌরসভা ছাড়া ইতিমধ্যে সবকটি এলাকায় কার্যক্রম শুরু হয়েছে।