অন্যবারের মতো এবারও কলকাতা বইমেলায় বাংলাদেশের বইয়ের দোকানগুলোতে ক্রেতা ও কৌতূহলী পাঠকের ভিড়। বাংলাদেশ প্যাভিলিয়নে ঢাকার একগুচ্ছ প্রকাশনা সংস্থা রকমারি বইয়ের সম্ভার সাজিয়ে বসেছে। পাঠক-ক্রেতারা স্টলে স্টলে ঘুরে বই হাতে নিয়ে দেখছেন, কেউ কেউ কিনছেন।
গত মঙ্গলবার সেখানে ঘুরে দেখা গেল, পাঞ্জেরী পাবলিকেশনসের স্টলে ছোটদের বই ও কমিকস বেশ ভালোই বিক্রি হচ্ছে। অবসর পাবলিকেশনসে দেদার বিক্রি হচ্ছে প্রয়াত হুখমায়ূন আহমেদের মিসির আলি অমনিবাস। আবার মদিনা পাবলিকেশনসের স্টলে ইসলাম ধর্মবিষয়ক বই কিনছেন বেশ কিছু ক্রেতা। সব মিলিয়ে কলকাতা বইমেলায় অন্য সব দেশের বইয়ের মধ্যে বাংলাদেশে প্রকাশিত বই পাঠকদের ভালোই দৃষ্টি আকর্ষণ করছে।
বিভিন্ন স্টল ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, সবচেয়ে বেশি বইয়ের কাটতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ইত্যাদি বিষয়ে। অবসর প্রকাশনার নির্মল পাল জানান, গোলাম মুরশিদের রাসসুন্দরী থেকে রোকেয়া, রেনেসন্স বাংলার রেনেসন্স এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতির মতো সিরিয়াস বইও পাঠক কিনছেন। তবে গল্প, উপন্যাস, কবিতার বইয়ের চাহিদা তো রয়েছেই। যেমন হুদমায়ূন আহমেদ এখনো বেস্ট সেলার। ১৩ খণ্ড উপন্যাস সমগ্র একটু ধীরে হলেও বিক্রি হয়ে যাচ্ছে। অবসরের প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে শামসুর রাহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুসণ ও সৈয়দ শামসুল হকের ভালো চাহিদা।
বাণী প্রেস বিক্রি করছে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, ভীষ্ম সাহনীর দেশ বিভাগের সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে লেখা বিখ্যাত বই তমস-এর বাংলা অনুবাদ। এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ে ভারতীয় জেনারেল জ্যাকবের সারেন্ডার অ্যাট ঢাকা এবং আর্থার ব্লাডের লেখা দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ। বাণী প্রেসের শাহনওয়াজ আখতার জানান, প্রায় ১৫ বছর ধরে কলকাতা বইমেলায় তাঁরা অংশ নিচ্ছেন। আগের থেকে পাঠকের আগ্রহ আরও বেড়েছে বলেই তাঁর ধারণা।
পাঞ্জেরী থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ-সংক্রান্ত ছোটদের বইয়ের মধ্যে সেলিনা হোসেনের কুড়কুড়ির মুক্তিযুদ্ধ, মমতাজউদ্দিন পাটোয়ারীর মুক্তিযুদ্ধের ইতিহাস শেখা বা আহসান হাবীবের ১৯৭১, কাজী আহমেদ কামালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জন্ম, নির্মলেন্দু গুকণের ১০০ রাজনৈতিক কবিতা ভালো কাটছে বলে জানান পাঞ্জেরীর ইফতিকার আহমেদ আজিজ। ছোটদের জন্য কমিকস বই বেসিক আলী, লাইলী এখন এখানকার পাঠকদের কাছেও ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে। আবার ছবিতে বীরবল, গোপাল ভাঁড় ও মোল্লা নাসিরুদ্দিনের গল্পও ভালো বিক্রি হচ্ছে।
বাংলাদেশ প্যাভিলিয়নের বাইরে তালীম প্রকাশনীও ইসলাম-সংক্রান্ত অনেক বই বিক্রি করছে। সারা বছর বাংলাদেশ থেকে বই আমদানি করে যারা বিক্রি করে, তাদের মধ্যে কলকাতার নয়া উদ্যোগ বৃহত্তম। তাঁদের প্রধান পার্থ বসু বলেন, শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, তারা আসাম, ত্রিপুরা এমনকি বিহার থেকেও বরাত পান। গল্প, উপন্যাস ছাড়া নানা ধরনের অভিধান, মুক্তিযুদ্ধের ইতিহাস প্রভৃতির সারা বছরই চাহিদা রয়েছে। আগে কম্পিউটার-বিষয়ক বাংলা বইয়ের চাহিদা ছিল, কিন্তু এখন ওই বিষয়ে বই লেখা শুরু হওয়ায় আগের সেই চাহিদা কমে গেছে।
তবে পার্থ বসু জানান, ইসলাম ধর্ম বিষয়ে বইয়ের কাটতি বরাবরই ভালো। বাংলা প্রকাশনের প্রবীর দে বহুদিন ধরে বাংলাদেশে প্রকাশিত বইয়ের এ দেশে বাজার তৈরির চেষ্টা করছেন। এ জন্য কলকাতা বইমেলা ছাড়াও বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া ও জলপাইগুড়িতে বইমেলায় বাংলাদেশের বই নিয়ে গিয়ে পাঠকদের সামনে হাজির করছেন। বিশেষ করে ছোটদের জন্য বই নিয়ে তিনি বেশি উৎসাহী। তাঁর মতে, যে যা-ই বলুক, ইসলামি বই বাদ দিলে এ বছর বিক্রি তেমন ভালো নয়।