বাংলাদেশের নদী নিয়ে গবেষণা করবেন ভারতীয় বিজ্ঞানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন নদ-নদীর তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন ভারতীয় বিজ্ঞানীরা। এ ছাড়া বঙ্গোপসাগরের যেসব স্থানে অক্সিজেনের মাত্রা প্রায় শূন্যে নেমে গেছে, সেই ‘মৃত অঞ্চলগুলো’ নিয়ে তাঁরা গবেষণা চালাবেন। খবর পিটিআইয়ের।
সমুদ্র গবেষণার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের গোয়াভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি (এনআইও) একটি স্মারক সই করেছে, যার আওতায় ভারতীয় বিজ্ঞানীরা বাংলাদেশের নদ-নদীর পানির নমুনা সংগ্রহ করবেন।
এনআইওর পরিচালক এস ডব্লিউ এ নাকভি বলেন, বঙ্গোপসাগরের ১৫০ থেকে ৬০০ মিটারের মধ্যে অক্সিজেনের মাত্রা খুব কম বা প্রায় শূন্য। বাংলাদেশের কৃষিজমিতে নাইট্রোজেন ব্যবহারের পরিমাণ বাড়ছে। উপাদানটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরে যাচ্ছে। ফলে মহাসাগরে অক্সিজেনের পরিমাণ কমছে।
নাকভি আরও বলেন, রাসায়নিক সারগুলোর ব্যবহার অব্যাহত থাকায় সাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ আরও কমতে পারে। এর প্রভাব পড়বে পরিবেশ এবং বাস্তুসংস্থানের ওপর। এ কারণেই তাঁরা নাইট্রোজেনের পরিণতি যাচাই করে দেখতে চান। নদীর পানির নমুনা বিশ্লেষণের মাধ্যমে তাঁরা হিসাব করতে পারবেন, কৃষিজমি থেকে কী পরিমাণ নাইট্রোজেন পানির সঙ্গে প্রবাহিত হচ্ছে।
মিঠা ও লোনা পানিতে নাইট্রোজেন চক্র কীভাবে কাজ করে, তা খতিয়ে দেখতে চান বিজ্ঞানীরা। পানিবাহিত নাইট্রোজেন বিভিন্ন শেওলা জন্মাতে সাহায্য করে। এ প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষতিকর জলজ উদ্ভিদও জন্মায়। অতিরিক্ত নাইট্রোজেনের কারণেই শেওলার বৃদ্ধি ত্বরান্বিত হয়। আর মরে যাওয়ার পর শেওলা পানির অক্সিজেন হ্রাসে ভূমিকা রাখে।
নাকভি বলেন, ‘বিশ্বে অন্তত ৬০০টি জায়গায় উপকূলীয় পানি অক্সিজেনশূন্য হয়ে পড়েছে। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য বিপুল পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এসব সারের অধিকাংশই গাছের কাজে লাগছে না, বরং সেগুলো পানিতে ভেসে যাচ্ছে। কখনো সেগুলো ভূগর্ভে গিয়ে সেখানকার পানিতে মিশছে। পরিবেশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পানীয় জলে নাইট্রোজেনের ঘনত্ব বেশি হলে মানুষের স্বাস্থ্যের জন্য তা বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং নবজাতকের হৃদ্রোগের মতো মারাত্মক সমস্যা তৈরি করে।