বাংলাদেশের নদীতে অক্সিজেনের মাত্রা গবেষণা করবে ভারতীয় বিজ্ঞানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বঙ্গোপসাগরে মধ্যে দিয়ে প্রবাহিত নদ-নদীর তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন ভারতীয় বিজ্ঞানীরা। এ ছাড়া বঙ্গোপসাগরের যেসব স্থানে অক্সিজেনের মাত্রা প্রায় শূন্যে নেমে গেছে, সেই ‘মৃত অঞ্চলগুলো’ নিয়ে গবেষণা চালাবেন তাঁরা। 

পিটিআইয়ের খবরে বলা হয়েছে, এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের গোয়াভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি (এনআইও) একটি স্মারক সই করেছে। এর স্মারকের আওতায় ভারতীয় বিজ্ঞানীরা বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদ-নদীর পানির নমুনা সংগ্রহ করবেন।
এনআইওর পরিচালক এস ডব্লিউ এ নাকভি পিটিআইকে বলেন, বঙ্গোপসাগরের ১৫০ থেকে ৬০০ মিটারের মধ্যে অক্সিজেনের মাত্রা প্রায় শূন্যর কোঠায়। বাংলাদেশের কৃষিজমিতে নাইট্রোজেনের ব্যবহার বাড়ছে। এই নাইট্রোজেন নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়ছে। এর ফলে সাগরে অক্সিজেনের পরিমাণ দিন দিন কমছে।
নাকভি আরও বলেন, ‘রাসায়নিক সার জমিতে ব্যবহারের ফলে সেগুলো সাগরের পানিতে পড়ে অক্সিজেনের পরিমাণ কমাচ্ছে। এর প্রভাব পরিবেশ এবং বাস্তুসংস্থানের ওপর পড়বে। এ জন্যই তাঁরা নাইট্রোজেনের পরিণতি যাচাই করতে আগ্রহী।’ তিনি আরও বলেন, কৃষিজমি থেকে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু পানির সঙ্গে মিশে যাচ্ছে, তাঁরা তা হিসাব করবেন।
এই গবেষণার কারণ ব্যাখ্যা করে এনআইওর পরিচালক এস ডব্লিউ এ নাকভি বলেন, সমুদ্রের পানি ও মিঠা পানিতে নাইট্রোজেন চক্র কীভাবে কাজ করে, তা খতিয়ে দেখা হবে। পানিবাহিত নাইট্রোজেন বিভিন্ন শ্যাওলা তৈরিতে সাহায্য করে। অতিরিক্ত নাইট্রোজেনের কারণেই শেওলা বৃদ্ধি হয়। আর শেওলা মরে যাওয়ার পর পানির অক্সিজেন হ্রাসে ভূমিকা রাখে।
নাকভি বলেন, ‘বিশ্বে অন্তত ৬০০টি জায়গায় উপকূলীয় এলাকার পানি অক্সিজেন শূন্য হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ায় আমরা উৎপাদন বাড়ানোর জন্য কৃষি জমিতে বিপুল পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করি। এ সব সারের অধিকাংশই আবার পানিতে ভেসে যাচ্ছে। কখনো সেগুলো ভূগর্ভে এবং পানিতে মিশছে যাচ্ছে। এ নিয়ে গবেষণা পরিবেশ এবং মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, খাবার পানিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে মানুষের স্বাস্থ্যের জন্য তা বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া নবজাতকের জন্য মারাত্মক সমস্যা তৈরি করে।