আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নারী উন্নয়ন ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী নারী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন করেছেন ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি এ মেলা পরিদর্শন করেন।
এ সময় পবিত্র কর বলেন, ‘শিক্ষাসহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়েছেন। তাঁদের উন্নয়নে আমরা গর্বিত, আমরা আশাবাদী।’
পবিত্র কর বলেন, ‘বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী, আমার জন্মস্থান। বাংলাদেশের উন্নতি, প্রগতি দেখে গর্বিত হই।’ তিনি আরও বলেন, ‘নারী দিবসের তাৎপর্য বক্তৃতা বা আলোচনায় নয়, তা প্রমাণ করতে হবে, করে দেখাতে হবে।’
মেলায় নারীদের তৈরি পণ্যসামগ্রীর স্টল পরিদর্শন করে পবিত্র কর তাঁদের এ উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম।