
পৃথিবীর যে আটটি দেশে ধর্মীয় ও পারিবারিক আইনের মাধ্যমে নারীরা বেশি বৈষম্যের শিকার, সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে। জাতিসংঘের নারীর অগ্রগতি-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘের নারী-বিষয়ক সংস্থা ইউএন উইমেন প্রকাশিত ‘প্রোগ্রেস অব দ্য ওয়ার্ল্ডস উইমেন ২০১৫-২০১৬: ট্রান্সফর্মিং ইকোনমিস, রিয়েলাইজিং রাইটস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনটিতে ২০০৫ সাল পর্যন্ত পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে। তাতে বলা হয়েছে, আলজেরিয়া, বাংলাদেশ, মিসর, ইরান, জর্ডান, মালয়েশিয়া, পাকিস্তান ও সৌদি আরবে বৈষম্যমূলক আইন প্রচলিত, যার ফলে নারীরা বিয়ে, তালাক, সম্পত্তি বণ্টনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এই দেশগুলোতে বিভিন্ন ধর্মের লোক বাস করে। তবে প্রাধান্য পাচ্ছে মুসলিম পারিবারিক আইন। একই প্রতিবেদনে মরক্কো, কোরিয়া ও তুরস্কের কথা উল্লেখ করে বলা হয়েছে, এই দেশগুলোতে একসময় আইনে চরম বৈষম্যমূলক ধারা সংযোজিত ছিল। কিন্তু বর্তমানে পারিবারিক ও ধর্মীয় আইনে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দিয়ে আইনকে অনেক আধুনিকায়ন করা হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকার এখন পর্যন্ত জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বা সিডও সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা থেকে আপত্তি তুলে নিতে পারেনি। সমাজকে তৈরি না করে কিছু করা সম্ভব না।’ তিনি বলেন, অভিন্ন পারিবারিক আইন করাসহ বিভিন্ন বিষয় সরকারের চিন্তাভাবনায় আছে। সবকিছুই নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির ওপর।
৩৪২ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৯৭৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিশ্বের ৭১টি দেশের পারিবারিক ও ধর্মীয় আইনের পরিস্থিতি ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কিছু দেশে নারীর আইনি অধিকার ভোগ করার ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, আবার কিছু দেশের অগ্রগতি আশাব্যঞ্জক নয়।
প্রতিবেদনটি বলছে, নারীর মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্যমূলক আইনের সংস্কার করা প্রয়োজন। ধর্মীয় ও পারিবারিক আইন দিয়েই নির্ধারিত হচ্ছে অভিভাবক ও সন্তানের মধ্যে সম্পর্ক, নারী ও পুরুষের বিয়ে, বিবাহবিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্বসহ বিভিন্ন বিষয়। নারী-পুরুষ, ছেলে-মেয়ে কে বেশি ‘শক্তিশালী’, তা নির্ধারণ করে এসব আইন। নারী সম্পত্তি কতটা নিয়ন্ত্রণ ও ভোগ করতে পারবে, এসব আইনে সরাসরি তা বলা আছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, জাতিসংঘের প্রতিবেদনে একদম সত্য কথা বলা হয়েছে। বৈষম্যমূলক পারিবারিক আইনের মাধ্যমে নারীরা বিভিন্ন ক্ষেত্রেই চরম বৈষম্যের শিকার হচ্ছে। দেশের ভেতরেই আবার হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও মুসলমান নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। অথচ বিশ্বের অনেক দেশই আইনে সংশোধন এনে এ ধরনের বৈষম্য কমিয়ে এনেছে।
মহিলা পরিষদসহ একাধিক নারী ও মানবাধিকার প্রতিষ্ঠান তিন দশকের বেশি সময় ধরে ধর্মীয় পারিবারিক আইন সংস্কারের আন্দোলন করছে।