বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক ক্ষেত্রেও যোগ্যতার পরিচয় দিচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে ‘লবুচে’ পর্বতজয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে জয়নাব ‘লবুচে’ পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকা পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন।
আব্দুল মোমেন বলেন, ‘দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’
আব্দুল মোমেন বলেন, লবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের কোনো নারীর প্রথম নাম লেখানোর বিষয়টি গৌরবময় দৃষ্টান্ত। এ দৃষ্টান্ত বাংলাদেশের সব নারীর সাফল্য অর্জনে প্রেরণা জোগাবে।
ভবিষ্যতে জয়নাবের আরও সাফল্য প্রত্যাশা করেন আব্দুল মোমেন। বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যেকোনো প্রচেষ্টায় তাঁকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় জয়নাবের লবুচে পর্বত অভিযানের স্পনসর নাসির মিল্কি উপস্থিত ছিলেন।
১ নভেম্বর বাংলাদেশি প্রথম নারী হিসেবে পর্বতারোহী জয়নাব নেপালের ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বত জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন।