বাংলাদেশের পথে হাঁটা

প্রায় ২০ বছর ধরে তিন বছর অন্তর বাংলাদেশে আসা হয়। নিবিড় অনুভব-অনুভূতিতে ভরা বাংলাদেশের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে। গবেষক হয়ে ৮০০ শব্দের প্রবন্ধের সীমানায় বাংলাদেশের সংজ্ঞা, বিবরণ বা মূল্যায়ন কোনোটাই দেওয়া সম্ভব নয় ভেবে একজন পথিকের পরিপ্রেক্ষিতে নিজের দেখাশোনা কিছু ঘটনা লিপিবদ্ধ করা সমীচীন বলে মনে হচ্ছে।
পথিক শব্দটা অনেকটা আক্ষরিক অর্থে ব্যবহার করছি। আমার ছোটবেলা থেকেই হাঁটার শখ। হেঁটে ঘুরলেই যেন কোনো দেশের আসল চেহারা আবিষ্কার করা যায়। সাধারণ বাংলাদেশি মাত্রের চোখে এই হাঁটার প্রবণতা হয়তো এক ধরনের বিলেতি বদখেয়াল মনে হবে—অন্তত বিনা প্রয়োজনে হাঁটার কোনো প্রবৃত্তি বা উচ্ছ্বাস আমি বাংলাদেশিদের মধ্যে লক্ষ করিনি। ঢাকার ধানমন্ডি থেকে ইস্কাটন রোড হেঁটে যাচ্ছিলাম শুনে চায়ের দোকানের লোকজন আমাকে বোধ হয় পাগলই ভাবল। কিন্তু আমার ধারণা, মহানগর ঢাকার ভূগোল বুঝতে আর টের পেতে হলে পায়ে চলা একটা উৎকৃষ্ট উপায়। বলা বাহুল্য, চায়ের দোকানিরা এমন পথিকের চিরন্তন সহায় হয়ে পাথেয় জুগিয়ে দেয়।
বাংলাদেশের সৌন্দর্য আমি হেঁটেই আবিষ্কার করেছিলাম। কী অপূর্ব গ্রামীণ চট্টগ্রামের দৃশ্য! চারপাশে ধানখেত, অসম্ভব সবুজ; সরু রাস্তাটা আস্তে আস্তে শেষ হয়ে আলের পথেই মিলিয়ে যাচ্ছে—তবুও হেঁটে চলে যাচ্ছি তালগাছ-ছাদে আবৃত গ্রামের দিকে। আর মজার কথা এই যে, আমি এই পাড়াগাঁয়ের মোহে যত অভিভূত হচ্ছি, স্থানীয় লোকেরাও আমাকে দেখে ততটাই অবাক—বাচ্চারা মূক দৃষ্টিতে এই লম্বা সাহেবের দিকে তাকাচ্ছে; আর বয়স্করা আমাকে গুপ্তচর, মিশনারি, কাবুলিওয়ালা—কী যে ভাবছে কে জানে? আলাপ-পরিচয় হয়ে গেলে আবার এসব সন্দেহ অনেক সময় অমায়িক অতিথিস্নেহে রূপান্তরিত হয়।
বাঙালি ভদ্রলোক হাঁটতে ওস্তাদ না-ই হতে পারে; কিন্তু বাধ্য হয়ে হাঁটে এমন লোকের সংখ্যা বাংলাদেশে কম নয়, এবং তারা হাঁটার কৌশলও কম আয়ত্ত করেনি। আলের পথ ভেঙে হঠাৎ দেখছি একটা নালা আমার পথ রোধ করেছে। পার হওয়ার একমাত্র উপায় দুই বাঁশ একসঙ্গে বাঁধা প্রায় দশ মিটার লম্বা একটা সাঁকো (নাকি সাঁকোর ব্যঙ্গরূপ)। পারা যাবে কি না ভাবতে ভাবতে দ্বিধায় দাঁড়িয়ে রইলাম, এমন সময় ওপার থেকে একজন বুড়ো বস্তা কাঁধে করে দিব্যি পার হয়ে গিয়ে আমাকে কত হাস্যকর বানাল।
ঠিক হাঁটা নয়, কিন্তু আরেক রকম পায়ের সদ্ব্যবহার কত জরুরি, সে কথাও বাংলাদেশেই শিখলাম। যেমন একবার কুষ্টিয়ায় দেখলাম ভারসাম্যবোধ জিনিসটা কী। ২০ জন যাত্রী বোঝাই ছোটখাটো নড়বড়ে একটা নৌকায় উঠে কেবল আমারই যেন মনে হলো (চট্টগ্রামের গীতিকার আবদুল গফুর হালীর কথায়) মানবজীবন কচুপাতায় পানির ফোঁটার মতোই টলমল! আর ব্যাকপ্যাক কাঁধে খুলনার বাসের ছাদে চড়ে গিয়েও নিজেকে একই রকমভাবে অদক্ষ মনে হলো।

বাংলাদেশের একটি বৈশিষ্ট্য আমি আগেই উল্লেখ করেছি, কিন্তু সেই বাসেই তার সম্পূর্ণ উপলব্ধি হলো। ছাদ থেকে নেমে বাসের ভেতরে একজন যুবক ছাত্রের পাশে আমাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ডাকনাম শুভ। তার সঙ্গে কথা বলতে বলতে সময় কাটছিল। বিদায়ের সময় শুভ আমাকে বাগেরহাটে তার বাড়িতে থাকতে বলল। তিন দিন ছিলাম সুন্দরবনের সেই প্রান্তদেশে, শুভরই বাড়িতে। খান জাহান আলীর মাজারের পেছনের পুকুরের কুমিরকে মুরগি খাওয়ালাম, ষাটগম্বুজ মসজিদ আর নানা স্মরণীয় জায়গা দেখে এলাম। কিন্তু সবচেয়ে স্মরণীয় হয়ে রইল শুভ ও তার মায়ের মেহমানদারি। তা কখনো ভুলব না।
বাংলাদেশের মতো আয়তনে তুলনামূলক ছোট দেশে আজকাল ষোল কোটি মানুষ বাস করছে, এ কথা ভেবে যেন মাথা ঘুরে যায়। আমার বারবার মনে হয়েছে, পাড়াগাঁ যতই অজ হোক না কেন, সেখানে ঘনবসতি আছে; আর আবাদি আরেকটুখানি বাড়লেই জায়গাটা একদিন হঠাৎ শহর হয়ে যাবে। তবুও বাংলাদেশের পথিকের কিছু নির্জন পথ রয়ে গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রশেখর ধাম নিয়ে গবেষণা করতে করতে একদিন ইচ্ছে হলো সমুদ্রের ধার অবধি হাঁটা যাক। বাঁধে এসে একটা চায়ের দোকানে বসে খোঁজ নিলাম—সমুদ্র ওখান থেকেও যথেষ্ট দূর, আর মাঝখানে কটা ম্যানগ্রোভ গাছ। তা ছাড়া কেবল কাদা আর কাদা। কিন্তু আমি যাবই যাব। একটা ছোট নালার ধারে মাঝির নৌকা পাওয়া গেল। মাঝিরা আমাকে উপসাগরের ধার পর্যন্ত নিয়ে গিয়ে নামিয়ে দিল। নেমে নিজেকে নিতান্ত একা পেলাম, চারপাশে যেন কাদার মরুভূমি। কীভাবে ফিরব বুঝতে না পেরে হয়রান হয়ে যাচ্ছিলাম। ভরদুপুরেই চারপাশের পরিবেশটা হঠাৎ শত্রু বলে মনে হচ্ছিল।। আগেই শুনেছিলাম, এই উপমহাদেশের লৌকিক কল্পনায় ভূত-প্রেতেরা মধ্যাহ্নেই আক্রমণ করে থাকে। আমার দেশে রাতেই ওদের রাজত্ব। কিন্তু সেই প্রথম টের পেলাম, কাদা আর রোদের যুগলবন্দীও ভয় পাইয়ে দিতে পারে!
বাংলাদেশে হাঁটাহাঁটি যখন আমার বিষয়, তখন আর একটা ঘটনা বর্ণনা না করে থাকা যায় না। বাংলাদেশে হাঁটার প্রতিযোগিতা বলে কোনো জনপ্রিয় ব্যায়াম নেই, অন্তত কখনো শুনিনি। আমার কিন্তু তা-ই ঘটেছে। সীতাকুণ্ডের পাহাড়ে জ্বালামুখী বলে একটা জায়গা আছে, যেখানে পানি থেকে গ্যাস ওপরে উঠে এসে আগুন তৈরি করে। হিন্দুদের উপাসনার জায়গা। সেই মন্দির দেখতে যাব শুনে সবাই বলল, সাবধানে যাও, কাউকে সঙ্গে নিয়ে যাও, ডাকাতের ভয়। পাশের এক গ্রামে একজন সরদারকে পাওয়া গেল, নাম ইসমাইল, বেঁটে, রোগা—তার চাটগাঁইয়া ভাষা বোঝা দুষ্কর। কিন্তু যখনই রওনা দিলাম বুঝলাম যে, শেষ অবধি একজন হাঁটার ওস্তাদ মিলল। মুখে কথা নেই, বার্তা নেই, ওর পুরো জোর যেন পায়েই চলে গেছে। আমাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখছি, আমাকে পরোয়াই করছে না। বর্ষার শেষ পর্যায়ে পথ অসম্ভব পিছল হয়ে যাওয়াতে আমি বারবার পিছিয়ে যাচ্ছি। ডোবায় কাদায় হাঁটার অভ্যাস নেই যে। প্রতিযোগিতায় পুরোপুরি জিতে গেল ইসমাইল। আর সরদার হিসেবেও সে ভালো; পথ কাদা কাদা হয়ে গেছে দেখে ফেরার সময় আমাকে আর মন্দিরের পুরুতকে সরাসরি একটা ঝরনার ভেতর দিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্য—হাজার হাজার মানুষের আবাদি আর জাহাজ ভাঙার কারখানাগুলোর কাছ থেকে অল্পক্ষণ হেঁটেই এত নির্জন জংলি এলাকায় এসে পড়লাম কী করে!
মোদ্দা কথা এই যে, হেঁটে হেঁটে—পথে হোক বা বিপথে—বাংলাদেশের যা চেহারা দেখেছি, তাতে ওখানে হাঁটার শখ মেটেনি। পায়ে জোর থাকলে আরও হাঁটব। কারণ পশ্চিমবাংলার সাহিত্যিক মহাশ্বেতা দেবীর কথায়—সব পথে না হাঁটলে উদ্দেশ্যে পৌঁছানো যায় না।
আমি এখনো হাঁটছি।
লেখাটি বাংলায় রচিত