বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেবার্ন অফিস ভবনে আজ বুধবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশে বিশৃঙ্খলা: খাদের কিনারে একটি জাতি?’ শীর্ষক এই শুনানির আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-সংক্রান্ত একটি উপকমিটি।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির কার্যালয় থেকে এর চেয়ারম্যান এড রয়েসের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শুনানিতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের চেয়ারম্যান আলী রীয়াজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-সংক্রান্ত উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবোটও শুনানিতে অংশ নেবেন।
শ্যাবোট জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতায় মানবাধিকার লঙ্ঘিত হওয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনার সুযোগ আছে। উল্লেখ্য, শ্যাবোট ৫ নভেম্বর বাংলাদেশ সফর করেন। ওই সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন। ইউএনবি।