যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাত্যহিক সংবাদ ব্রিফিংয়ে গত মঙ্গলবার বাংলাদেশের বর্তমান পরিস্থতি তুলে ধরে এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান এক সাংবাদিক।
সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছেন। এর ফলে আগামী দিনগুলোতে পরিস্থিতি বিস্ফোরণোম্মুখ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিরোধীদলীয় নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এই অবস্থায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা উল্লেখ করে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের গণতন্ত্র আবার হুমকির মুখে। নির্বাচনের আগে এবং পরে সংঘাত সৃষ্টি হলে সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান ওই সাংবাদিক।
জবাবে ম্যারি হার্ফ বলেন, এসব বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। তবে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংখ্যালঘুদের অধিকার ও তাদের অধিকারের সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।