বাংলাদেশের পাশে থাকবেন বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ। ছবি: জাহিদুল করিম
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ। ছবি: জাহিদুল করিম

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে লেখা এক চিঠিতে বারাক ওবামা এ কথা বলেন। আজ শুক্রবার তিনি মার্কিন জনগণের পক্ষে এ চিঠি লেখেন।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বারাক ওবামার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। গত রোববার সন্ধ্যায় জন কেরি ফোনে বলেন, সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানান প্রেসিডেন্ট ওবামা।

১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৭ জন বিদেশি। বিদেশিদের মধ্যে ৭ জন জাপান, ৯ জন ইতালি ও ১ জন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

আজ মার্কিন জনগণের পক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে বারাক ওবামা ঢাকার রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত লোকজনের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জানান। তিনি জাপানের আহত নাগরিকদের দ্রুত আরোগ্য কামনা করেন। চিঠির শেষ অংশে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশ ও জাপানের পাশে সব সময় থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।