বাংলাদেশের পাশে বিশ্বসম্প্রদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উন্নত মানবিক সেবা দিতে ঠেঙ্গারচরে সরানোর প্রক্রিয়ায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে আন্তর্জাতিক সম্প্রদায়। রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত সমাধান যেহেতু মিয়ানমারে, তাই তাদের জন্মভূমিতে ফেরত পাঠানোর প্রক্রিয়াতেও আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সাহায্য করবে। গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় বিদেশি কূটনীতিকদের রোহিঙ্গাদের নিয়ে অবহিত করার সময় কূটনীতিকেরা তাঁকে এ আশ্বাস দেন।
ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী এবং নতুন করে আসা রোহিঙ্গাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে কেন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা কূটনীতিকদের কাছে তুলে ধরেন। মূলত এসব লোকজনকে উন্নত মানবিক সেবা দেওয়া এবং রোহিঙ্গাদের স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যাওয়া বন্ধ করাটাও হাতিয়া উপজেলার ওই চরে তাদের সরিয়ে নেওয়ার অন্যতম প্রধান কারণ সেটি তাঁদের কাছে তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের জানান, গত অক্টোবরের সশস্ত্র বাহিনীর নতুন করে অভিযানের পর বাংলাদেশে পালিয়ে আসা ৬৯ হাজার রোহিঙ্গাসহ এ মুহূর্তে নিবন্ধিত ও অনিবন্ধিত সব নাগরিক মিলিয়ে এখন প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে কক্সবাজারে মানবিক সহায়তা দেওয়াটা প্রশাসনের জন্য সেখানে শুধু মানবিক চ্যালেঞ্জই নয়, এর পাশাপাশি ওই সব মানুষ সেখানে আর্থসামাজিক, রাজনৈতিক, জনসংখ্যার ভারসাম্য, পরিবেশগত, মানবিক ও নিরাপত্তার ক্ষেত্রে কক্সবাজার এবং এর আশপাশের জেলা ও পর্যটনের সম্ভাবনায় বিরূপ প্রভাব ফেলছে। রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ চারিত্র্যিক বৈশিষ্ট্যের কারণে ওই এলাকায় মানব ও মাদক পাচারের নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে মাহমুদ আলী বিভিন্ন দেশ, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সহযোগিতা চান। তিনি মিয়ানমারের শরণার্থীদের অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের জন্মভূমিতে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থবহ সহযোগিতা চান।
কয়েক দশক ধরে মিয়ানমারের বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন ভাঞ্জা ক্যাম্পোস ডি নবরেগা, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স। কূটনীতিকেরা সামগ্রিকভাবে সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে তাতে তাদের সহযোগিতার কথা জানান। তাঁরা আশা করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রোহিঙ্গাদের জীবনযাত্রার ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে। কূটনীতিকেরা এটাও বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা এসব শরণার্থীকে তাদের জন্মভূমিতে ফেরত পাঠানোই হচ্ছে চূড়ান্ত সমাধান। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াতেও কূটনীতিকদের পুরোপুরি সমর্থন থাকবে।
গত সন্ধ্যার বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার দূতাবাসের এক কর্মকর্তা অতীতের মতোই বাংলাদেশে আসা রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়, এরা মিয়ানমারের নাগরিক কি না, তা যাচাই করে দেখার কথা বলেন। এ সময় তাঁকে স্পষ্টভাবেই বলা হয়েছে, মিয়ানমারের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা লোকজন সেই দেশের কি না, তা যাচাইয়ের প্রক্রিয়ায় ঢাকা সব সময় সহযোগিতা করতে রাজি আছে। নাগরিকত্ব যাচাইয়ের কথা বলে মিয়ানমার অতীতে শুধু সময়ক্ষেপণ করেছে, কাজের কাজ কিছুই করেনি। কিন্তু বাংলাদেশ তার দেশের কোনো নাগরিক অন্য দেশে গেলে পরিচয় যাচাইয়ের পর তাদের দ্রুত ফেরত এনেছে। এ প্রসঙ্গত, ২০১৫ সালের সাগরপথে মানব পাচার প্রসঙ্গে বলা যায়, ওই বছরের জুনে শুধু মিয়ানমার থেকেই প্রায় আড়াই শ লোককে বাংলাদেশ ফেরত এনেছে। আর মিয়ানামার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ আসিয়ানভুক্ত তিন দেশ থেকে প্রায় এক হাজার বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।
গতকালের ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।