বাংলাদেশের পাশে সব সময় থাকবে চীন

চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন এ দেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং। আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে চীনের নেতা দেং শিয়াওপিংয়ের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত মা মিংচিয়াং বলেন, বাংলাদেশে অনেক প্রকল্পের সঙ্গে যুক্ত আছে চীন। এতে চীনের অন্য কোনো স্বার্থ নেই। বাংলাদেশকে সহযোগিতা করাই মূল উদ্দেশ্য। আর চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে অনেক মিলও আছে।
বাংলাদেশ উন্নত হলে চীনেরই লাভ বেশি হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, উন্নত হলে এ দেশের ক্রয়ক্ষমতা বাড়বে। ফলে চীন থেকে আরও বেশি পণ্য কিনতে পারবে বাংলাদেশ।
দেং শিয়াওপিংয়ের ব্যাপারে রাষ্ট্রদূত মা মিংচিয়াং বলেন, তিনি সমাজতন্ত্রকে চীনের জন্য উপযোগী করে তুলেছিলেন। এক দেশ, দুই অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তকও ছিলেন দেং। চীন আজকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ। এর পেছনে দেংয়ের অবদান সবচেয়ে বেশি।
আলোচনা সভায় অংশ নিয়ে ক্ষমতসীন দলের সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেন, চীন আজ ও আগামীর দেশ। চীন বরাবরই বাংলাদেশের বন্ধু। এ দেশের বিনিয়োগেও এগিয়ে আছে দেশটি। দেং শিয়াওপিংয়ের ব্যাপারে তিনি বলেন, দেং হলেন এই আধুনিক চীনের রূপকার। সমাজতন্ত্র ও বাজার অর্থনীতি—এই দুই ব্যবস্থাকে পাশাপাশি চালু রেখেছিলেন তিনি।
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. আজিজুল হক বলেন, যখন দেং নেতৃত্বে আসেন, তখন চীন অরাজকতার মধ্যে ছিল। মাথাপিছু আয়ও ছিল কম। কিন্তু যখন তিনি ক্ষমতা ছাড়েন, তখন চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেছে। মাহাথির মোহাম্মদ যেমন মালয়েশিয়ার উন্নয়নে অবদান রেখেছিলেন, চীনের ক্ষেত্রেও দেংয়ের একই রকম অবদান ছিল। এখনো তাঁর নেওয়া নীতিই চীনে প্রয়োগ করা হচ্ছে।
দেং এশিয়া মহাদেশ তথা বিশ্বের দারিদ্র্য দূর করতে ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক উপাচার্য হারুন-উর-রশিদ। তিনি বলেন, চীনকে অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করেছিলেন দেং। এ জন্য তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। পুরো বিশ্বের শ্রদ্ধা পাওয়ার যোগ্য তিনি।
দেং শিয়াওপিং স্টাডি সেন্টার ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম দেলওয়ার হুসাইন। এতে আরও বক্তব্য দেন ফিরোজ কবির, সাংবাদিক নুরুল হুদা প্রমুখ। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।