বাংলাদেশের পোশাক খাত নিয়ে ইইউ পার্লামেন্টে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পর এবার বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ বুধবার থেকে অনুষ্ঠেয় ইইউ পার্লামেন্টের কর্ম-অধিবেশনের এক অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তিন দিনের কর্ম-অধিবেশনে সমাজবাদী জোটের পক্ষ থেকে বিষয়টি আলোচনার টেবিলে তোলা হয়েছে।ইইউ পার্লামেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক তৈরি কারখানার কর্মপরিবেশ, বিশেষ করে এসব কারখানার নিরাপত্তা, মজুরিকাঠামো, শ্রমিক অধিকার, সংগঠিত হওয়ার সুযোগ এবং সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষাপটে কী পরিস্থিতি রয়েছে, তা নিয়ে আলোচনা হবে। সম্প্রতি গাজীপুরের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ আলোচনার বিষয়টি ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও সম্প্রতি বাণিজ্য মন্ত্র্রণালয়কে জানানো হয়েছে। এদিকে, দেশের পোশাকশিল্পের ব্যাপারে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহান সম্প্রতি বাণিজ্যসচিবকে চিঠি লিখেছেন। ব্রাসেলসভিত্তিক ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন ফরেন ট্রেডার্স অ্যাসোসিয়েশন (এফটিএ) বাংলাদেশের তৈরি পোশাক কারখানার পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিষয়টি বাণিজ্যসচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন রাষ্ট্রদূত ইসমাত জাহান।জানতে চাইলে রাষ্ট্রদূত ইসমাত জাহান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে ঢাকায় চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তবে এফটিএর উদ্বেগের প্রসঙ্গটি তিনি এড়িয়ে গেছেন।এখানে উল্লেখ করা যেতে পারে, ইউরোপের প্রায় এক হাজার ব্যবসায়ী ও আমদানিকারকের সংগঠন এফটিএ। সে ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার পরিবেশ নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ, বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপ। আর তৈরি পোশাকের ৬০ শতাংশই রপ্তানি হয় ইউরোপে।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইইউ পার্লামেন্টের কর্ম-অধিবেশনের আলোচনার সরাসরি কোনো প্রভাব নেই। কারণ, এ আলোচনার ফলে ইইউভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। তবে এ আলোচনার কারণে বাংলাদেশের পণ্য নিয়ে একধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে। এর ফলে আমদানিকারকেরা বাংলাদেশের পণ্য নেওয়ার ব্যাপারে ভোক্তাদের চাপের মুখে পড়বেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের পণ্য নেওয়ার ব্যাপারে ইইউভুক্ত দেশের সদস্য দেশগুলো চাপে থাকবে। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নিয়েছে, সেটি স্পষ্টভাবেই তুলে ধরা জরুরি।