বাংলাদেশের পোশাকশিল্পে উন্নতি হয়েছে বলা যায় না: আইএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসে ১১০০ মানুষের প্রাণহানির ছয় মাস পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে, এমনটি দাবি করা কঠিন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপমহাপরিচালক গিলর্বাট হোংবো। তবে, হোংবো বলেছেন, পরিস্থিতির উন্নয়ন ঘটানোর প্রক্রিয়া শুরুর লক্ষ্যে অনেকগুলো কাজ সম্পন্ন হয়েছে।

জাতিসংঘ রেডিওর ওয়েবসাইটে তুলে ধরা এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এ পর্যন্ত ঠিক কী কী কাজ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে আইএলওর উপমহাপরিচালক হোংবো জাতিসংঘ রেডিওকে বলেন, এই দুর্ঘটনার পরপরই আইএলওর মহাপরিচালক গাই রাইডার তাঁকে ঢাকায় পাঠিয়েছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সেখানকার সামগ্রিক পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের সরকার ও বাংলাদেশিদের কী ধরনের সহায়তা দেওয়া যায়, তা যাচাই করতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
হোংবো বলেন, ‘এর পর থেকে অনেক কিছুই হয়েছে। গত ১৫ জুলাই তাঁরা একটি নতুন শ্রম আইন পাস করেছেন। আমরা অবশ্য এতে পুরোপুরি সন্তুষ্ট নই। তবে এটা আমরা স্বীকার করি, আইনের অনেকটা উন্নতি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ৮ জুলাই কমপ্যাক্ট নামে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে সরকার অনেকটাই দায়িত্ব নিয়েছে এবং তারা সেগুলো পালনে সাধ্যমতো চেষ্টা করছে।’
হোংবো বলেন, ইউনিগ্লোবাল এবং ইন্ডাস্ট্রিয়াল নামের আন্তর্জাতিক ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে অ্যাকর্ড নামের একটি সমঝোতা, যাতে এক শর মতো কোম্পানি অংশ নিচ্ছে। এসব কোম্পানির অধিকাংশই ইউরোপের, তবে সবাই নয়। এরপর উত্তর আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে হয়েছে অ্যালায়েন্স। এর সঙ্গে রয়েছে আইএলওর কারখানা পরিদর্শনের কার্যক্রম।
আইএলওর কার্যক্রমের প্রধান দিকগুলো সম্পর্কে হোংবা বলেন, ‘আমরা যে কর্মসূচি শুরু করছি তার মূলত চার-পাঁচটি প্রধান অংশ রয়েছে এবং এর একটা বড় দিক হচ্ছে কারখানাগুলো পরিদর্শনের কাজ শুরুর বিষয়। প্রায় ৫০০ থেকে ৬০০ কারখানায় এই কাজে অ্যালায়েন্সের একজন প্রতিনিধি অংশ নেবেন।’ তিনি বলেন, ‘অ্যার্কডে যে শতাধিক কোম্পানি এবং ইন্ডাস্ট্রিয়াল ও ইউনিগ্লোবাল অংশ নিচ্ছে, তারা প্রায় ১৫০০ থেকে ১৬০০ কারখানা পরিদর্শনের কাজ করবে। সুতরাং, আইএলও সাড়ে তিন হাজার কারখানার অবশিষ্টগুলো পরিদর্শনের দায়িত্ব পালন করবে। সংক্ষেপে বলা যায়, সংকেতের বাতি জ্বলছে, গেট খুলে গেছে এবং ট্রেন এখন যাত্রা শুরু করবে।’
প্রকৃতপক্ষে আরও কতটা কাজ বাকি আছে, এমন এক প্রশ্নের জবাবে আইএলওর উপপ্রধান হোংবো বলেন, ‘অনেক কাজ করতে হবে। প্রায় সাড়ে তিন হাজার কারখানা সচল আছে। এগুলোর সবই পরিদর্শনের অপেক্ষায়। ভবনের নিরাপত্তা যাচাইয়ের বিষয়ে দক্ষতা আইএলওর বিশেষত্ব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়, বুয়েট প্রকৌশলী সবার সঙ্গে মিলে আমরা কাজ করছি যাতে বেশ কয়েক মাস সময় লাগবে। দ্বিতীয় অংশ হচ্ছে নতুন আইন বাস্তবায়নের জন্য সক্ষমতা গড়ে তোলা শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণ। আইন প্রয়োগের এই প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করা প্রয়োজন।’
হোংবো বলেন, এর পাশাপাশি শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলায় সহায়তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই কাজে সব পক্ষের সক্রিয় ভূমিকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।