বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ মাহমুদ আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশের দুর্দিনে বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল শনিবার মধ্যরাতের পর তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। এ সময় বিমানবন্দরের লাউঞ্জে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফিলিস্তিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়, মাহমুদ আব্বাসের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলকে বহনকারী বিমানটি রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ফিলিস্তিনি এই নেতাকে স্বাগত জানান। একই সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। প্রায় দুই ঘণ্টা পর বিমানটি রাত আড়াইটার দিকে জাপানের উদ্দেশে ছেড়ে যায় বলে বিবিসি বাংলার খবরে বলা হয়।

বৈঠকের বিষয়ে ইউএনবি জানায়, ফিলিস্তিনের দুর্দিনে সব ধরনের সহায়তার জন্য তিনি ফিলিস্তিন সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখযোগ্যসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীকে বাংলাদেশে পড়ার সুযোগ এবং সে দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশে সামরিক প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

বৈঠকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের নৃশংসতার পাশাপাশি অনেক দিন ধরে অচলাবস্থায় থাকা শান্তি আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে কথা হয়। এ সময় ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অব্যাহত সমর্থনের আশ্বাস দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি ইস্যু সমাধানে বিশ্ব নেতাদের দ্রুত ও অর্থবহ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন প্রত্যক্ষ করার জন্য মাহমুদ আব্বাস ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের রাষ্ট্রদূতেরা; ওমান, মিসর, ইরাক ও লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং মরক্কোর ডেপুটি চিফ ইন মিশন উপস্থিত ছিলেন।