জাহাঙ্গীরনগর ও গণবিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী জনজীবন, ভাষা ও সংস্কৃতি সম্মেলন গতকাল বুধবার শেষ হয়েছে। এদিন বাংলাদেশের প্রতি ভালো লাগা, ভালোবাসা ও মুগ্ধতার কথা বলেন এতে অংশ নেওয়া ভারতীয় লেখক-গবেষক ও শিক্ষকেরা।
গতকাল গণবিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিনা দ্যান এ দেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান। তিনি বলেন, ‘বিশ্বের নানা জায়গায় ঘুরেছি। কিন্তু এখানে এসে নারীর ক্ষমতায়নের ভিন্ন চিত্র দেখেছি। এখানে রান্না থেকে শুরু করে গাড়িও চালান নারীরা। এভাবে প্রতিটি স্থানে নারীর অংশগ্রহণ জরুরি।’
ভারতের ওডিশার অধ্যাপক শিশির কান্ত বিহারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘এখানে সবাই পরিবারের মানুষের মতো ভালোবেসেছে। যেন ভাইবোনের বাড়িতে এসেছি।’
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমর। এতে ভারতের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে সি সনি, মেঘালয়ের এন ই এইচ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুন মুন মজুমদার, মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাইমেই লামালু, গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা প্রমুখ বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দিন আহমেদ। এর আগে পাঁচটি সেশনে গবেষকেরা ১৮টি প্রবন্ধ উপস্থাপন করেন।
গতকাল সকাল সাড়ে নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইনের সভাপতিত্বে ‘বাংলা সাহিত্য ও লিটল ম্যাগাজিন’ শীর্ষক সেশন হয়। এতে পৃথকভাবে ভারতের লেখক গৌরী বর্মণ, রুপা বসু ঠাকুর, গুরুদাস মিদ্য ও সহকারী অধ্যাপক তন্ময় বীর চারটি প্রবন্ধ উপস্থাপন করেন। বিকেলে গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতিউর রহমান খানের সভাপতিত্বে ‘দেশভাগ ও অভিবাসন’ শীর্ষক সেশন হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোজাহিদুল ইসলাম, এ কে এম জসীম উদ্দীন ও পিনাকী সাহা পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।
‘আঞ্চলিক অর্থনীতি ও রাজনীতি’ শীর্ষক সেশনে ওডিশার প্রকাশ চন্দ্র নায়েক, গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নজরুল ইসলাম ও মণিপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক সচিদানন্দ অ্যাংগম পৃথকভাবে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির। ‘ভাষা বৈচিত্র্য’ শীর্ষক সেশনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামল ভট্টাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রানী দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিনা দ্যান ও প্রবাসী ভারতীয় শাশ্বতী বসু চ্যাটার্জি পৃথক চারটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম। ‘সংগ্রাম ও সংস্কৃতি’ শীর্ষক সেমিনারে ওডিশার অনিল প্রধান, গুয়াহাটির কটন কলেজের সহকারী অধ্যাপক প্রসূন বর্মণ, পশ্চিমবঙ্গের গর্গ চ্যাটার্জি ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রাজেশ ভৌমিক পৃথকভাবে চারটি প্রবন্ধ উপস্থাপন করেন।
গত মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের দ্বিতীয় দিনে ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এর আগের দিন গণবিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে সম্মেলনের উদ্বোধন হয়। এদিন ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘প্রতিবেশীকে জানুন’—এ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের লেখক, গবেষক ও শিক্ষকেরা অংশ নেন।