বাংলাদেশের প্রতি সব সময় যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটার কিং বলেছেন, যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশকে সব সময় সমর্থন দিয়ে যাবে। গত মঙ্গলবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরকে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বাংলাদেশি রাষ্ট্রদূতকে কংগ্রেসম্যান পিটার কিং আশ্বাস দেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ব্যাপারে কংগ্রেসে কোনো বিল উত্থাপন করা হলে তিনি তাতে জোরালোভাবে সমর্থন জানাবেন। এ সময় আকরামুল কাদের বলেন, দেশে গণতন্ত্রকে অর্থবহ করে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস দমনসহ পারস্পরিক লাভজনক ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশকে সমর্থন জুগিয়ে যাওয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দেওয়ায় পিটার কিংকে বাংলাদেশি রাষ্ট্রদূত ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অভিবাসনসংক্রান্ত কাগজপত্রে কংগ্রেসম্যানের সহায়তা কামনা করেন তিনি। এ সময় পিটার কিংয়ের জ্যেষ্ঠ আইনবিষয়ক সহকারী অ্যাডাম পলসন ও ওয়াশিংটনে বাংলাদেশি দূতাবাসের মিনিস্টার জসিমউদ্দিন উপস্থিত ছিলেন।