বাংলাদেশের প্রতিবছর দরকার ২৬০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনে অভিযোজনের জন্য ধনী দেশগুলোর কাছ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিবছর ২৬০ কোটি ডলার প্রয়োজন হবে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইডের এক গবেষণায় এসব কথা বলা হয়েছে। ‘মাইন্ড অ্যান্ড অ্যাডাপটেশন গ্যাব’ শীর্ষক প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল পর্যন্ত অভিযোজন খাতে উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক অন্তত পাঁচ হাজার কোটি ডলার সরকারি অর্থায়নের প্রয়োজন হবে। ২০২৫ সাল নাগাদ অভিযোজন খাতে প্রয়োজন হবে ১৫ হাজার কোটি ডলার।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রচণ্ড প্রভাব পড়েছে। প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে আমরা এ প্রভাব মোকাবিলায় একটি সুনির্দিষ্ট কর্মসূচি দেখতে চাই। অভিযোজন খাতে বছরে অন্তত পাঁচ হাজার কোটি ডলার সরকারি অর্থায়নের ব্যবস্থা রাখতে হবে, যা দিয়ে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো অভিযোজনের কর্মসূচি নিতে পারে। এটা জরুরি প্রয়োজন।’
অ্যাকশনএইডের প্রতিবেদনে এই প্রথম অভিযোজন খাতে ঠিক কত অর্থ দরকার, সেই হিসাবটি তুলে ধরা হলো। প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশে অভিযোজন খাতের অর্থায়ন অনুদানভিত্তিক হওয়া উচিত।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে দেওয়া অনুদানের পরিমাণ বাড়াতে উন্নত দেশগুলো এখনো দ্বিধাগ্রস্ত। প্রতিবেদনে বলা হয়, অভিযোজন খাতে যুক্তরাষ্ট্র এখন যে পরিমাণ অনুদান দেয়, এর পরিমাণ অন্তত ১৫৪ গুণ বাড়াতে হবে। আর যে ফ্রান্সে এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাদের অনুদানের পরিমাণ বাড়াতে হবে ৭৫ গুণ। আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে সম্মিলিতভাবে ১১ গুণ বাড়াতে হবে অর্থায়নের পরিমাণ।
বাংলাদেশ সরকার এ বছরের সেপ্টেম্বর মাসে দেওয়া এক প্রতিবেদনে বলেছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশের চার হাজার কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। ইউএনবি।