বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য পিটারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর বয়সে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন ব্রিটিশ নাগরিক পিটার ডোনেলি। এতে তিনি হতাশাগ্রস্ত হলেও কিছুদিন পর জীবনকে উপভোগ করার স্বাদ খুঁজে পান পরোপকারের মধ্য দিয়ে। আর তাই তো তিনি একটি হুইলচেয়ার নিয়ে ছুটে এলেন সুদূর বাংলাদেশে।এবার এ দেশের প্রতিবন্ধী মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য হুইলচেয়ার সঙ্গে করে সড়কপথে দুটি মহাদেশের ১৪টি দেশ পাড়ি দিয়ে তিনি মাতৃভূমি ইংল্যান্ডে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। তাঁর এই সাহসী উদ্যোগের উদ্দেশ্য পক্ষাঘাতগ্রস্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ এবং প্রতিবন্ধিতা ও সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়ানো।সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র (সিআরপি) সূত্র জানায়, পিটার ডোনেলি গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশে এসে স্বেচ্ছাসেবক হিসেবে এই কেন্দ্রে যোগ দেন। একপর্যায়ে প্রতিবন্ধীদের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি সড়কপথে নিজ দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আনুষ্ঠানিকভাবে পিটার ডোনেলি সড়কপথে নিজ দেশে ফেরার যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তারানা হালিম, সাভারের সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ টেইলর, যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস অস্টিন, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর টমাস ব্যালিভেট ও সিআরপির নির্বাহী পরিচালক মো. এমদাদ মোসলেম।অনুষ্ঠানে তারানা হালিম বলেন, ‘বাংলাদেশের অবহেলিত প্রতিবন্ধী মানুষের সেবায় ভেলরি এ টেইলরের মহৎ উদ্যোগকে সমর্থন জানিয়ে একজন হুইলচেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী যুবক পৃথিবী ভ্রমণ করার যে উদ্যোগ নিয়েছেন, তাতে আমি অভিভূত। এই প্রচেষ্টা যেমন সড়ক দুর্ঘটনা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলবে, তেমনি প্রতিবন্ধী মানুষ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণার ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে।’ক্রিস অস্টিন বলেন, বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য পিটার যে সাহসী উদ্যোগ নিয়েছেন, তা কেবল এ দেশের ইতিহাসেই নয়, মানবতার অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, পিটারের উদ্যোগ ভেলরির মানবিক প্রচেষ্টাকে আরও বেগবান করে তুলবে।পিটার তাঁর বক্তব্যে বলেন, ‘প্রতিবন্ধী হলেও আমি যে অক্ষম নই অথবা চেষ্টা করলে একজন মানুষ যে সবই সম্ভবে পরিণত করতে পারে, আমি তা প্রমাণ করতে চাই হুইলচেয়ারে বসে। সড়কপথে দুটি মহাদেশের ১৪টি দেশ ঘুরে আমি আমার মতো প্রতিবন্ধী মানুষদের জানাতে চাই, প্রতিবন্ধী হয়ে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং ভিন্নভাবে জীবনকে উপভোগ করা। পাশপাশি আমি প্রতিবন্ধী মানুষের চিকিৎসা, কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে অর্থ সংগ্রহ করতে চাই।’ভেলরি এ টেইলর বলেন, প্রতিবন্ধী মানুষের জন্য চিকিৎসা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণে পিটারের এই প্রয়াস সাধারণ মানুষের মনে প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার কারণে সৃষ্ট প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতন করে তুলতে ভূমিকা রাখবে।পিটার হুইলচেয়ার সঙ্গে নিয়ে বাস ও ট্রেনে পাঁচ হাজার মাইল অতিক্রম করবেন। এই দীর্ঘ যাত্রাপথে তাঁকে অতিক্রম করতে হবে ভারত, নেপাল, তিব্বত, চীন, কাজাখস্তান, রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম ও ফ্রান্স।