বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুর্নীতির ঝুঁকি বেশি: টিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুর্নীতির ঝুঁকি বেশি বলে মনে করছে দুর্নীতি-বিষয়ক আন্তর্জাতিক নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ১৭টি দেশের প্রতিরক্ষা খাতের স্বচ্ছতা ও জবাবদিহির ঝুঁকি নিয়ে সংস্থাটির তৈরি এক আঞ্চলিক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন থেকে গতকাল বুধবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
‘দ্য গভর্নমেন্ট ডিফেন্স অ্যান্টি করাপশন ইনডেক্স’ (সংক্ষেপে জিআই) শীর্ষক প্রতিবেদনে ৭৭টি নির্দেশকের ভিত্তিতে একটি দেশের প্রতিরক্ষা খাতের পাঁচটি ঝুঁকির ক্ষেত্র বিশ্লেষণ করা হয়েছে। এর ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহির ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। ওই পাঁচটি ঝুঁকির ক্ষেত্র হলো রাজনৈতিক, আর্থিক, জনবল, পরিচালনা এবং ক্রয়।
গবেষণার অন্তর্ভুক্ত ৭৭টি প্রশ্নের প্রতিটি উত্তরকে ০-৪ পর্যন্ত স্কেলে রূপান্তরের পর একটি দেশের অবস্থানকে ‘এ’ থেকে ‘এফ’ শ্রেণিতে বিন্যস্ত করা হয়। ‘এ’ শ্রেণি সবচেয়ে কম ঝুঁকিসম্পন্ন এবং ‘এফ’ শ্রেণি সবচেয়ে উচ্চ ঝুঁকিসম্পন্ন। টিআই বলেছে, প্রতিটি দেশের মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তার চুলচেরা বিশ্লেষণ করেন। বাংলাদেশের মতো ‘ডি’ বা উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশের শ্রেণিতে থাকা এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ হলো ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।
২০১৫ সালের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জিআই সূচকের সামগ্রিক মূল্যায়নের সমীক্ষায় অন্য বিশেষজ্ঞরা ছাড়াও বাংলাদেশ সরকার অংশগ্রহণ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় গত এক দশকে ২০২ শতাংশ বৃদ্ধি পাওয়ার তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ দেশের প্রতিরক্ষা খাত সবচেয়ে বেশি নম্বর পেয়েছে জনবল ক্ষেত্রে (সি শ্রেণি) এবং সবচেয়ে কম নম্বর পেয়েছে অর্থ, ক্রয় এবং রাজনৈতিক ক্ষেত্রে।
এ ব্যাপারে প্রথম আলোর পক্ষ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে তারা এই সূচক সম্পর্কে এখনো কিছু জানে না বলে জানিয়েছে।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কোন সংস্থা কী ধরনের প্রতিবেদন দিল সেটা বড় কথা নয়। প্রতিরক্ষা খাতের কেনাকাটায় কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই। এখানে সবকিছুই হয় পদ্ধতি মেনে।’
সুবিদ আলী ভূঁইয়া আরও বলেন, ‘কেনাকাটায় দুর্নীতি হলে এত দিনে কেউ তো কোনো অভিযোগ করতে আসেনি।’
টিআইর প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি দেশের প্রতিরক্ষা খাতে মোট ব্যয় হয়েছে প্রায় ৪৩৩ বিলিয়ন ডলার। এটি প্রতিরক্ষা খাতে বৈশ্বিক ব্যয়ের প্রায় এক-চতুর্থাংশ। ১৭টি দেশের মধ্যে ৬টি দেশেরই প্রতিরক্ষা খাতে দুর্নীতির ঝুঁকি অতি উচ্চমাত্রা থেকে সংকটাপন্ন। অর্থাৎ এ দেশগুলো বাংলাদেশের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আঞ্চলিক নিরাপত্তায় হুমকির সৃষ্টি হয়েছে বলে টিআই মনে করে। এই ছয়টি দেশ হলো চীন, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও মিয়ানমার।
প্রতিবেদনে অন্যান্য সুপারিশের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা সুদৃঢ় করা, সামরিক ক্রয়-সংক্রান্ত তথ্য মানুষের জানার সুযোগ আরও বাড়ানোর সুপারিশ করা হয়।
প্রতিবেদনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ও জাতিসংঘের সুবিধার্থে শান্তি ও সংঘাতের ক্ষেত্রে সম্ভাব্য দুর্নীতির বিষয়গুলোর মোকাবিলায় একটি পূর্ণাঙ্গ সামরিক আদর্শ অবলম্বনের সুপারিশ করা হয়।
এশিয়ার কয়েকটি দেশে নিয়ন্ত্রণহীন সামরিক ব্যয় বৃদ্ধি এবং দুর্বল ক্রয়ব্যবস্থার কারণে সামরিক ব্যয়ের উল্লেখযোগ্য পরিমাণ অর্থের অপচয় হয় বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়। আর এ জন্য গবেষণার আওতাধীন ৬৫ শতাংশ দেশের জনগণেরই সামরিক বাহিনীর প্রতি আস্থা অনেক কম বলে প্রতিবেদনে জানানো হয়।
স্বচ্ছতা ও জবাবদিহির মানদণ্ডে বাংলাদেশের প্রতিরক্ষা খাত ‘উচ্চ ঝুঁকি’র তালিকায় স্থান পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল গণমাধ্যমে পাঠানো টিআইবির এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয়ের ক্ষেত্রে সংসদীয় জবাবদিহি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। বিশেষত জাতীয় প্রতিরক্ষা নীতির অনুপস্থিতি সত্ত্বেও ক্রমবর্ধমান হারে প্রতিরক্ষা ক্রয়ের ক্ষেত্রে তথ্যের অপ্রতুলতা এবং গোপনীয়তার সংস্কৃতি গণতান্ত্রিক জবাবদিহির জন্য মঙ্গলজনক নয়। তবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণকে তিনি স্বাগত জানান।
বিজ্ঞপ্তিতে ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রতিরক্ষা খাতের সামগ্রিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির স্বার্থে ভবিষ্যতে এ রকম কর্মপরিকল্পনা প্রণয়নে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের সুযোগ সৃষ্টি করা এবং সার্বিকভাবে প্রতিরক্ষা ব্যয়ে সংসদের কার্যকর ক্ষমতা বৃদ্ধি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য বৈশিষ্ট্য।’