বাংলাদেশের প্রত্যাশা নূর চৌধুরীকে ফেরত দেবে কানাডা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আশা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও বিচারের রায়ে দণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে কানাডা। তিনি বলেন, জনগণের প্রত্যাশা, নূর চৌধুরীকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কানাডা সহায়তা করবে। খবর বাসস ও ইউএনবির।কানাডিয়ান লিবারেল পার্টির এমপি এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মারিয়া মিন্না গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে গেলে তিনি (শেখ হাসিনা) এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় কানাডার দীর্ঘ দিনের গণতন্ত্র ও আইনের শাসনের ঐতিহ্যের কথা উল্লেখ করেন।সাক্ষাত্কালে তাঁরা সংসদীয় গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে বিনিয়োগসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। উল্লেখ্য, নূর চৌধুরী দীর্ঘ দিন ধরে কানাডায় অবস্থান করছেন।মারিয়া মিন্না দীর্ঘ দিন পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ অচিরেই অনেক দূর এগিয়ে যাবে। কানাডীয় এমপি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী তাঁর ভূমিকা ও নেতৃত্বের দারুণভাবে প্রশংসিত হয়েছে। কানাডার এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাইকমিশনার ক্যাথরিন লুথারও ছিলেন।