বাংলাদেশের প্রথম আইজিপির ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) ও দেশের প্রথম স্বরাষ্ট্রসচিব আবদুল খালেক (৮৬) গতকাল সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী সেলিনা খালেক, ছেলে বি এ এন এনান, মেয়ে শামিমা খালেকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস ও গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের সময় থেকে প্রথম আইজিপি হিসেবে তিনি ১৯৭৩ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রসচিব হিসেবে ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর থেকে ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে হাসান মাহমুদ খন্দকার বলেন, তাঁর নিজ হাতে লেখা চিঠি তৎকালীন পূর্ব পাকিস্তানের সব পুলিশ সদস্যকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। পুলিশ বাহিনী তাঁকে বিনম্র শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতায় চিরদিন স্মরণ রাখবে।তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।