বাংলাদেশের প্রধান শক্তি ১৬ কোটি মস্তিষ্ক

আমার বেড়ে ওঠা যশোরে। ১৯৭২ সালে আমি আমার বাবাকে হারাই। তখন আমার বয়স ১৪ বছর। দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে। দেশের মতো তখন আমার পরিবারের অবস্থাও নড়বড়ে। আমার বাবা আমাকে সব সময় পড়ালেখার ব্যাপারে আন্তরিক হতে বলতেন। আমিও সব সময় বাবার কথা মেনে চলার চেষ্টা করেছি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে আমরা গ্রাম থেকে গ্রামে পালিয়ে বেড়িয়েছি। শুধু আমরা নই, আমাদের মতো আরও বহু মানুষ সে সময় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। সেই সময় আমার বাবা প্রায়ই বলতেন, সাধারণ জনগণের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানি সামরিক শাসকেরা মারাত্মক ভুল করছেন। তিনি সব সময় বলতেন, জনগণেরই জয় হবে। মানুষের কল্যাণের ওপর আর কিছু থাকতে পারে না।
তাঁর এই কথাটা আমার ওপর চিরস্থায়ী প্রভাব ফেলে এবং এর পর থেকে আমি পর্যবেক্ষণ করতে থাকি যে সাধারণ মানুষ আসলে কী চায়? ১৯৭৪ সালে আমি ম্যাট্রিক পাস করি। ওই বছর দেশে ভয়াবহ বন্যা হয়। একে যুদ্ধবিধ্বস্ত দেশ, তার ওপর বন্যা—ওই সময় আমার মধ্যে নিরাপত্তাহীনতার একটা বোধের জন্ম দেয়। সেখান থেকেই আমি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠি যে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কিছু একটা করা দরকার। আমার মনে হলো, দেশের জন্য কিছু করার সবচেয়ে ভালো উপায় হলো বিদেশে গিয়ে দক্ষতা অর্জন করা। ১৯৭৬ সালে আমি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হই।
১৯৯০ দশকের গোড়ার দিকের কথা। আমি তখন নিউইয়র্কে থাকি। সে সময় হাজার হাজার বাংলাদেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো শুরু করেছে। অনেকেই আবার অবৈধভাবেও যাচ্ছে। তাদের এ রকম ধারণা ছিল, যুক্তরাষ্ট্রে এলেই ভাগ্যের পরিবর্তন ঘটবে। তখন অনুধাবন করলাম, এ রকম একটি ধারণা থেকে এ দেশের মানুষকে বের করে আনা দরকার। তারা যা ভাবছে তা ঠিক নয়। তারা অনবরত সুযোগের সন্ধান করছে। আমরা যদি তাদের জন্য কোনো সুযোগ তৈরি করতে পারি তাহলে তারা তা লুফে নেবে। এ অবস্থায় আমার নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করলাম যে একটি সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা মানুষের জন্য কার্যকর অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে।

সারা দেশে একটি সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ইচ্ছে নিয়ে ১৯৯৩ সালে বাংলাদেশে ফিরে আসি। সে সময় যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোসহ অনেক প্রশ্ন আমার মনে এসেছিল। সত্যিই কি জনগণের এ ধরনের যোগাযোগব্যবস্থার কোনো প্রয়োজন আছে? এটা কি অর্থনৈতিকভাবে টেকসই হবে? এই যোগাযোগব্যবস্থা কি বাজার পাবে? জনগণ কি এর জন্য টাকা দেবে? এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সে সময় আমাকে পরস্পরবিরোধী উত্তর দেন। এতে আমি বিভ্রান্ত হই। তবে মজার কথা হচ্ছে, সে সময় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করি। এতে আমার চোখ, কান ও মাথা খুলে যায়। তিনটি উদাহরণ দিই।
১৯৯৪ সালের একদিন। পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করেন এমন একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি যখন তাঁর জন্য অপেক্ষা করছিলাম তখন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি আমাকে চা এনে দিলেন। আমি তাঁর সঙ্গে আলাপ শুরু করলাম। জানতে পারলাম নবম শ্রেণী পর্যন্ত তাঁর পড়াশোনা। নিজে পড়ালেখা করতে না পারলেও একমাত্র মেয়েকে ডাক্তারি পড়াবেন এমনটাই পরিকল্পনা করছেন তিনি। মেয়ের ভবিষ্যৎ পেশা নিয়ে তাঁর এ পরিকল্পনায় চমৎকৃত হলাম। এরপর আমি ঊর্ধ্বতন ওই সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করলাম। আমি তাঁকে জানালাম যে সাধারণ মানুষের জন্য আমি একটি সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা চালু করতে চাই। তিনি ভাবলেন আমি পাগল হয়ে গেছি। কারণ, দেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ আরও জরুরি চাহিদা এখনো মেটানো হয়নি। এখন এসব ব্যাপারেই তাঁদের মনোযোগ নিবদ্ধ। এ ধরনের বিলাসবহুল জিনিস নিয়ে চিন্তা করার সময় তাঁর নেই। আমি হতাশ হয়ে ফিরে আসি। আমি এই ভেবে অবাক হলাম, যেখানে একজন সাধারণ পিয়ন তাঁর মেয়ের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন, সেখানে কেন পেশাদার পরিকল্পনাকারীরা দেশ নিয়ে দীর্ঘ মেয়াদের কোনো চিন্তা করছেন না। তাহলে কিসের পরিকল্পনা করছেন তাঁরা?
এরপর আমি উপলব্ধি করলাম, যদি আমি সত্যিই এ দেশের জন্য কিছু করতে চাই তাহলে আমাকে সিদ্ধান্তে অটল থাকতে হবে। এরপর বাংলাদেশে ফোন কোম্পানি প্রতিষ্ঠার জন্য আমি ঢাকায় বসবাস শুরু করি। মাঝেমধ্যে নিউইয়র্কে বেড়াতে যেতাম। ১৯৯৪ সালে আমি ঢাকায় একটি অ্যাপার্টমেন্ট কিনি। সেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকতে থাকি। আমার মাঝেমধ্যে মা এসে আমাদের সঙ্গে থাকতেন। তখন একজন মহিলা আমার বাসায় কাজ করতেন। তিনি একদিন আমাকে খামে ভরে একটি চিঠি পোস্ট করতে দিলেন। তিনি আমাকে বললেন, খামের ওপর যেন কোনো স্ট্যাম্প না লাগানো হয়। আমি অবাক হলাম তাঁর কথা শুনে। কেন স্ট্যাম্প লাগাব না? এটা করতে বেশি খরচও হবে না। তখন ওই মহিলা বললেন, যদি চিঠির ওপর স্ট্যাম্প না লাগানো হয় তাহলে তাঁর মা চিঠিটি পাবেন। তখন আমি গোটা বিষয়টি বুঝতে পারলাম। যদি চিঠির ওপর স্ট্যাম্প না থাকে চিঠি পোস্ট করার বিষয়টি রেকর্ড হবে। আর ডাকপিয়ন প্রাপকের কাছ থেকে চিঠি পাঠানোর খরচ আদায় করবেন। আর যদি স্ট্যাম্প থাকে তাহলে চিঠির বিষয়টি রেকর্ড হবে না এবং চিঠিটি প্রাপকের হাতে পৌঁছাবে এমন কোনো নিশ্চয়তা থাকবে না। এটা ছিল আমার জন্য এক গভীর শিক্ষা। কারণ, বিশেষজ্ঞরা আমাকে বারবার বলেছেন যে আমাকে অবশ্যই এই চিন্তাটা করতে হবে যে দরিদ্র মানুষকে টেলিফোনসেবা দেওয়ার বিনিময়ে চার্জ বলতে গেলে কিছুই নেওয়া হবে না। আর এ কারণে এ ধরনের ফোন কোম্পানি প্রতিষ্ঠা করা অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। যা-ই হোক আমার গৃহকর্মী আমাকে এটা বুঝিয়ে দিলেন যে দরিদ্র লোকজনও যথাযথ সেবা পেলে তার জন্য অর্থ ব্যয় করতে প্রস্তুত।
সে সময় আমি প্রায়ই ঢাকা-নিউইয়র্ক করতাম। একদিন বিমানবন্দরে যাওয়ার পথে আমার মা আমাকে বললেন, নিউইয়র্কে পৌঁছেই যেন আমি তাঁকে ফোন করে আমার পৌঁছানোর খবরটি জানাই। আমার তখন মনে পড়ে গেল সেই ১৯৭৬ সালের কথা, যখন আমি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাই। তখন আমার মায়ের কাছে কোনো টেলিফোন ছিল না। আমার পৌঁছানোর খবর তিনি পান কয়েক সপ্তাহ পরে একটি সাধারণ চিঠির মাধ্যমে। আর ১৮ বছর পর সেই মা তাঁর ছেলে নিরাপদে পৌঁছেছেন তা যত তাড়াতাড়ি সম্ভব জানতে চাইছেন।
এ ঘটনা আমার মনে নতুন করে সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল। বিশেষজ্ঞরা তখন আমাকে হিসাব-নিকাশ করে দেখতে বললেন যে জনগণের সত্যিই ব্যাপক অর্থে টেলিযোগাযোগের চাহিদা আছে কি না এবং এতে যে খরচ হবে তা করার মতো সামর্থ্য তাদের আছে কি না। এই বিশেষজ্ঞরা কখনো চিন্তা করে দেখেননি যে টেলিফোনের সহজলভ্যতা কীভাবে পৃথিবীকে বদলে দিতে পারে। এলিভেটর উদ্ভাবনের বেলায়ও এমনটা হয়েছিল। যখন এলিভেটর তৈরি হয় তখন পৃথিবীতে এত উঁচু উঁচু ভবন ছিল না। এলিভেটর সহজলভ্য হওয়ার পরই সুউচ্চ ভবন বানানো শুরু হলো। বিশেষজ্ঞরা আমাকে বলেন যে এ দেশে টেলিফোনের চাহিদা খুব কম। কিন্তু আমি দেখলাম টেলিফোন সহজলভ্য হওয়ার পর এর চাহিদা ব্যাপক।
আমি যে কথাটা বলতে চাই তা হচ্ছে বিশেষজ্ঞরা কখনোই জনগণের জীবনমানের উন্নয়ন কীভাবে হবে সে ব্যাপারে খুব একটা কিছু করেননি। কিন্তু তাতে কোনো কিছু আটকে থাকেনি। বাংলাদেশে আমাদের চারপাশে কোটি কোটি শিক্ষক। তাঁদের কাজ এবং চিন্তাভাবনা দুর্নীতিমুক্ত। কারণ, তাঁরা যেসব সমস্যার মুখে পড়ে তা সমাধানের জন্য তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের মস্তিষ্ক এবং শক্তি যৌথভাবে অগ্রগতির পথে একটি বিশাল শক্তি। আমি কেবল এটা ব্যাখ্যা করছি যে কীভাবে সাধারণ জনগণ আমার শিক্ষক হয়ে উঠল। শুধু তা-ই নয়, তারা দেশে অর্থনৈতিক অগ্রগতিরও ভিত্তি স্থাপন করেছে।
এ দেশে যা কিছু বড় বড় ব্যাপার ঘটেছে তার পেছনে রয়েছে কোটি কোটি দরিদ্র মানুষের অবদান। তৈরি পোশাকশিল্পের কথাই বলি। প্রতিবছর এ খাত থেকে আয় হয় এক লাখ ৭২ হাজার কোটি টাকা। এটা সম্ভব হয়েছে কারণ, আমাদের রয়েছে লাখ লাখ ও কোটি কোটি দরিদ্র মানুষ, যারা কম মজুরিতে কাজ করে। এই মজুরি এতটাই কম যে বিদেশি খুচরা বিক্রেতারা তাদের পোশাক বানানোর জন্য বাংলাদেশে ভিড় জমাচ্ছেন। তৈরি পোশাক কারখানার মালিকেরা বারবার এটাই বোঝাচ্ছেন যে শ্রমিকদের মজুরি বাড়ানো হলে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকবে না। আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হচ্ছে কম মজুরির শ্রমিক। দ্বিতীয়ত, প্রবাসী শ্রমিকেরা। বাংলাদেশ আজ বছরে এক লাখ ২০ হাজার কোটি টাকা আয় করছে। কারণ, ৫০ লাখ শ্রমিক বিদেশে কাজ করছেন এবং তাঁরা দেশে টাকা পাঠাচ্ছেন। এটা সহজ কোনো কাজ নয়। লোকজন পরিবার-পরিজন ফেলে বিদেশে গিয়ে এসব অর্থ উপার্জন করছেন।
তৃতীয়ত, প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা তাঁদের কাজে অনেক সময় দিতে পারেন। কারণ, তাঁদের রাঁধুনি, গৃহকর্মী, গাড়িচালকসহ অন্যরা তাঁদের অনবরত সহায়তা করে যাচ্ছে, যারা কিনা দরিদ্র। আরও সংক্ষেপে বলা যায়, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী শহরের মানুষের জন্য খাদ্য উৎপাদন করছে। আর যাদের কোনো জমি নেই, তারা শহরের পেশাজীবীদের স্বার্থে তাদের শ্রম দিচ্ছে।
অবশ্যই দরিদ্র মানুষেরা তাদের আয় বাড়িয়েছে তাদের প্রচেষ্টা ও শ্রম দিয়ে। পোশাক কারখানা ও অন্যান্য শিল্পে কাজ করে, বিদেশে গিয়ে, মানুষের বাড়িতে কাজ করে এবং কৃষিকাজ করে তারা নিজেদের রোজগার বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য আরও ব্যবসার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ ধীরে ধীরে অভ্যন্তরীণভাবে একটি আকর্ষণীয় বাজারে পরিণত হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে দরিদ্র মানুষের প্রচেষ্টাতেই।
সফল, ধনী ও প্রভাবশালী মানুষেরা কখনোই সফলতা পেত না দরিদ্র মানুষের সহায়তা ছাড়া। পোশাকশিল্পের মাধ্যমে এবং বিদেশ থেকে শ্রমিকদের পাঠানো অর্থ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। এই বৈদেশিক মুদ্রা দিয়ে বিদেশ থেকে মেশিন ও অন্যান্য সরঞ্জাম কেনা সম্ভব হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে দেশের অভিজাত শ্রেণী অনেক কিছু করতে পেরেছে। যেমন: বিদেশভ্রমণ, বিদেশে চিকিৎসা ও সন্তানদের পড়াশোনা ইত্যাদি। এমনকি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলো যে নিয়মিত ঢাকা থেকে মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যে যাতায়াত করছে তা সম্ভব হতো না যদি না বাংলাদেশের দরিদ্র মানুষেরা সেসব দেশে কাজ করার জন্য যেত।
আমি বাংলাদেশের সেই সব সাধারণ মানুষের কাছে অনেক কৃতজ্ঞ —তারা আমাকে এই শিক্ষা দিয়েছেন যে জীবনের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অগ্রগতির জন্য কোনটি গুরুত্বপূর্ণ। আমার মতো অন্যরাও একইভাবে সাধারণ জনগণের কাছ থেকে শিক্ষা নিতে পারে। সাধারণ মানুষই আমাদের অগ্রগতির পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি মানুষ যদি বাড়তি এক টাকা আয় করতে পারে, তাহলে টাকার পরিমাণ দাঁড়াবে ১৬ কোটিতে। দেশ যখন অনেক লোকের মাধ্যমে অগ্রগতির দিকে এগিয়ে যায়, তখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে অনেক বড় কিছু গড়ে ওঠে।
১৯৯৩ সালে আমি যখন দেশে ফিরে আসি তখন খুব কমসংখ্যক মানুষের কাছে ফোন ছিল। দেশে যে পরিবর্তন এসেছে তা শুধু মোবাইল ফোনের জন্য নয় বরং এর প্রসারের জন্য। বেশির ভাগ মানুষের হাতে মোবাইল ফোন বাংলাদেশের জন্য সম্পূর্ণ অনন্য একটি ব্যাপার। এখন এই মোবাইল ফোনের মাধ্যমেই বেশির ভাগ বাংলাদেশি তাদের অবদান রাখতে পারে। একইভাবে এখন আমাদের এমন একটি পরিস্থিতির সৃষ্টি করার কথা চিন্তা করতে হবে, যেখানে বেশির ভাগ বাংলাদেশি দেশের অগ্রগতির জন্য অবদান রাখতে পারবে। যেমন, বিদ্যুৎ, সুশিক্ষা, চিকিৎসাসেবা এবং অন্যান্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। অল্প কিছু মানুষ এসব সেবা পাচ্ছে। এটা মোটেও গৌরবের বিষয় নয়। আমাদের এই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমাদের দেশের সব মানুষ সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। তবেই হবে বাংলাদেশের আসল উন্নতি।
যখন দেশের বেশির ভাগ মানুষ তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে, তখনই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। প্রতিটি জিনিসই ভালো হবে যখন সব শ্রেণীর মানুষ তা গ্রহণ করবে এবং বিভিন্ন দিক থেকে তাতে অবদান রাখবে। এবং এর ফল হবে আমাদের বিশেষজ্ঞদের ধারণার চেয়ে অনেক ভালো। এখানে উদাহরণ হিসেবে ইন্টারনেটে উইকিপিডিয়ার কথা বলা যেতে পারে। উইকিপিডিয়া হচ্ছে বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। সারা বিশ্বের নানা স্তরের মানুষ বিভিন্ন বিষয়ের ওপর উইকিপিডিয়া তৈরিতে সহায়তা করছে। ইন্টারনেটের মতো বাংলাদেশও সব মানুষের অবদানকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারে। সাধারণ জনগণও স্বাভাবিকভাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে এর ১৬ কোটি মস্তিষ্ক। এই সব মস্তিষ্কের সঠিক ব্যবহার দেশকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে। বাংলাদেশ পরিণত হতে পারে একটি অর্থনৈতিক শক্তিকেন্দ্রে।
ইংরেজি থেকে অনূদিত
ইকবাল কাদির
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) লেগাটাম সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। এমআইটি প্রেস প্রকাশিত সাময়িকী ইনোভেশনস: টেকনোলজি, গভর্নেন্স, গ্লোবালাইজেশন-এর সহ-সম্পাদক। বাংলাদেশে গণফোন এবং গ্রামীণফোনের অন্যতম রূপকার তিনি। ১৯৭৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। ১৯৮১ সার্থমোর কলেজ থেকে স্নাতক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াটন স্কুল থেকে ১৯৮৩ ও ১৯৮৭ সালে যথাক্রমে এমএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।