কমনওয়েলথের মহাসচিবসহ বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি, সংস্কার ও অর্জিত সফলতার প্রশংসা করেছেন। তাঁরা অগ্রগতির এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসের স্বামী বিবেকানন্দ কনভেনশন সেন্টারে গতকাল বুধবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের ১৮তম সম্মেলনে বাংলাদেশের শিক্ষা খাতের সফলতার প্রশংসা করা হয়।মরিশাসের উপপ্রধানমন্ত্রী রশিদ বিবিজন আন্তর্জাতিক এ সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মরিশাসের শিক্ষা ও মানবসম্পদমন্ত্রী বসন্ত কুমার বান্বারি, কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। এতে সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী কেন্নি ডি এন্থনি মূল বক্তৃতা দেন।সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫৭টি দেশের শিক্ষামন্ত্রীরা যোগ দেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘কমনওয়েলথে শিক্ষা: আন্তর্জাতিকভাবে স্বীকৃত লক্ষ্যসমূহ অর্জন ত্বরান্বিতকরণে সেতুবন্ধ’।উদ্বোধনের পর কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের সভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছি।’ বিজ্ঞপ্তি।