বাংলাদেশের প্রশংসা ও নিন্দা মনোনীত মার্কিন রাষ্ট্রদূতের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ড্যান ডব্লিউ মোজেনা বলেছেন, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দুই মেরুতে বিভক্ত রাজনৈতিক দল, দুর্নীতি এবং সুশীল সমাজের প্রতি সরকারের অস্পষ্ট আচরণই বাংলাদেশের প্রধান সমস্যা। একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেন ঢাকার ভবিষ্যৎ মার্কিন রাষ্ট্রদূত।গত বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটিতে এক শুনানিতে মোজেনা এ কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রে পানির স্তর বেড়ে যাওয়ায় হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে মার্কিন স্বার্থের বিষয়ে মোজেনা বলেন, ‘গণতন্ত্রের সম্প্রসারণ, মানবাধিকারের প্রতি সম্মান, মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং মানবিক সহযোগিতা, বিশেষ করে, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে সহযোগিতাই যুক্তরাষ্ট্রের স্বার্থ।’বাংলাদেশে সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়ার্টি। গত জুনে তিনি চলে গেলে পদটি ফাঁকা হয়। ওই পদে মোজেনাকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মোজেনা সর্বশেষ অ্যাঙ্গোলায় দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করেন।ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করেন মোজেনা। সিনেটের শুনানিতে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ তার বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে সহযোগিতা বাড়িয়েছে। আর এতে সমস্যাসংকুল ওই অঞ্চলে স্থিতিশীলতা মজবুত হচ্ছে।’মোজেনা আরও বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়ছে। সংঘাতপূর্ণ চরম পন্থার পরিবর্তে একটি সংযত, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে দেশটি।’