বাংলাদেশের প্রশংসা করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ফ্রাংক জি উইজনার। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৩ সালে যখন প্রথম এদেশে এসেছি, তখন দেখেছি মানুষ কত কষ্ট করছে। দ্রুত বাংলাদেশ উন্নতি করেছে। এ দেশের উৎপাদননির্ভর অর্থনীতি দেখে আমি অভিভূত। তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য এদেশ থেকে রপ্তানি হচ্ছে।
আজ বৃহস্পতিবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় ফ্রাংক জি উইজনার এই কথা বলেন। এই পেশাদার মার্কিন কূটনীতিক মিসর, ফিলিপাইন ও জাম্বিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এই অনুষ্ঠান হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্য দেন।
ফ্রাংক জি উইজনার আরও বলেন, এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডই বড় চ্যালেঞ্জ। যেমন গত বছর ঢাকায় হোলি আর্টিজানে হামলার মতো ঘটনা ঘটেছে। উগ্রবাদকে নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগবন্ধন আছে। এটি ক্রমশ বেড়েছে। তাঁর মতে, চলতি বছরের শেষদিকে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) বা অগ্রাধিকারমূলক বাজার পর্যালোচনা করা হবে। আশা করি, বাংলাদেশে সেই পর্যালোচনায় একটি ভালো অবস্থানে থাকবে।
একই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শর্তানুযায়ী স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্কমুক্ত বাজার পাওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র তা দেয়নি। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে ৫০০ কোটি ডলার শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য গেছে। জিএসপি সম্পর্কে তিনি আরও বলেন, ‘এখন জিএসপি সুবিধা চাই না। আমরা এখন এটি ভুলে যেতে শুরু করেছি।’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট বলেন, গত ১০ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজার দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের ব্যবসায় ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার তাগিদ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি নুরুল ইসলাম। সভায় কূটনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।