বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘের মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অসামান্য অগ্রগতি বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধে সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার লড়াইতে বাংলাদেশকে সব সময় প্রথম সারিতে দেখতে চান তিনি। এ ছাড়া এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতেও বাংলাদেশকে সামনের কাতারে আশা করেন মহাসচিব।

গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে আন্তোনিও গুতেরেস এই আশাবাদ তুলে ধরেন। গতকাল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শান্তিরক্ষা ও শান্তি নির্মাণে ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সময় অনুষ্ঠেয় ‘সার্কেল অব লিডার’ বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।

পররাষ্ট্রসচিব জাতিসংঘের মূল্যবোধ ও নীতিমালার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মহাসচিবের অগ্রাধিকার প্রদানের প্রশংসা করেন। বিগত ৮ বছরে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে যে অগ্রগতি সাধন করেছে, পররাষ্ট্রসচিব সে বিষয়ে মহাসচিবকে অবহিত করেন।