বাংলাদেশের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, দেশটির দারিদ্র্য হ্রাস ও নারীর ক্ষমতায়ন তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘আমি সব সময় প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশের সাফল্যগাথা তুলে ধরে থাকি। দারিদ্র্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিস্ময়কর অর্জন অত্যন্ত উৎসাহব্যঞ্জক।’

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেছেন, তাঁর সংস্থা বাংলাদেশের সঙ্গে কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তিনি আগামী মাসে দক্ষিণ এশিয়ার এ দেশ সফরের পরিকল্পনা হাতে নিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে কোনো দেশ বা উন্নয়ন সংস্থা নদীশাসন বা অন্য কোনো পরিকল্পনা বা প্রকল্প গ্রহণের সময় তাঁর সরকারের সঙ্গে পরামর্শ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে পরামর্শ করে গ্রহণ করা হলে পরিকল্পনা বা প্রকল্পটি বাংলাদেশের জন্য যথোপযুক্ত হবে। কারণ, আমরা আমাদের প্রয়োজনগুলো বুঝি।’

এ সময় বিভিন্ন খাতে তাঁর সরকারের অর্জন তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জ্বালানি খাত ও নদী খননের ওপর অগ্রাধিকার দিচ্ছে। বিবিআইএন ও বিসিআইএম ইকোনমিক করিডরের ব্যাপারে তিনি বলেন, এসব পদক্ষেপ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান সংসদে ২১ জন নারী সদস্য সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকারগুলোতে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এসব পদক্ষেপ গ্রহণের ফলে প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্য সব খাতে নারীর মর্যাদাকে উঁচু স্তরে নিয়ে গেছে।

এ সময় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।