এশিয়া ও প্রশান্ত মহাসাগরের টেকসই উন্নয়নের লক্ষ্যে সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করেছে ইউএনএসকাপ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০-এর ১৭টি লক্ষ্যের অন্যতম সামুদ্রিক অর্থনীতি-সংক্রান্ত ১৪তম লক্ষ্যের আলোকে বাংলাদেশ প্রস্তাবটি দেয়। সম্প্রতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) ৭২তম অধিবেশনে প্রস্তাবটি পাস হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল মঙ্গলবার বলেন, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গৃহীত হওয়ার পর ইউএনএসকাপের অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে এই প্রথম কোনো প্রস্তাব পাস হলো, যা পেশ করেছে বাংলাদেশ। তিনি বলেন, জাতিসংঘের সদস্য ছোট দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ, নিচু উপকূলের দেশ ও পাহাড়ঘেরা উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নে সামুদ্রিক সম্পদ ব্যবহারে সক্ষমতা বাড়াতে কী প্রয়োজন, সেটি মূল্যায়ন করে দেবে ইউএনএসকাপ।
এদিকে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশকে সমুদ্র অর্থনীতি নিয়ে দুটি প্রকল্পে অর্থায়ন করবে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওরা)। ২২ ও ২৩ মে ইন্দোনেশিয়ায় আইওরার বৈঠকে প্রকল্প অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হয়। এবারের বৈঠকে মোট ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার মধ্যে দুটি বাংলাদেশের জন্য।