বাংলাদেশের প্রস্তাব এবারও জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রস্তাবিত ‘শান্তির সংস্কৃতি’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। গত বৃহস্পতিবার সাধারণ পরিষদের এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। খবর বাসসের।
‘ফলোআপ টু দ্য ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অব অ্যাকশন অন দ্য কালচার অব পিস’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এতে কো-স্পনসর করে সব কটি মহাদেশের ৯৩টি দেশ। আর প্রস্তাবটির ওপর বক্তব্য দেন ২০টি দেশের প্রতিনিধিরা। তাঁরা প্রস্তাব বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
প্রস্তাব উপস্থাপনকালে মাসুদ বিন মোমেন বলেন, মানুষের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ধর্ম, বর্ণ, জাতি ও গোষ্ঠী-নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। শিক্ষার প্রসার এবং একদর্শী চিন্তাধারার পরিবর্তন করে মানুষের সামগ্রিক উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা সম্ভব।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, এ প্রস্তাবের মূল প্রতিপাদ্য হচ্ছে, অসহিষ্ণুতা ও ঘৃণা সমাজ থেকে দূর হলে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এ বছরের প্রস্তাবে বিশ্বনেতাদের এই বিপুল সমর্থন এটাই প্রমাণ করে যে বাংলাদেশের নেতৃত্বের প্রতি তাঁদের আস্থার কোনো ঘাটতি নেই এবং জাতীয় উন্নয়নে সব মানুষকে সম্পৃক্ত করতে ‘শান্তির সংস্কৃতি’র বিকল্প নেই। বিশ্বনেতারা বাংলাদেশের এ প্রস্তাবের ওপর কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মাসুদ বিন মোমেন।
‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবটি ১৯৯৯ সালে প্রথম জাতিসংঘে উপস্থাপিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ‘শান্তির সংস্কৃতি দশক’ উদ্যাপিত হয়। ২০০১ থেকে প্রতিবছর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ প্রস্তাবটি উপস্থাপন করে আসছে এবং তা প্রতিবছরই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে।