বাংলাদেশের ফুটবল কোচদের প্রশিক্ষণ দিতে পারে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস নবরেগা বলেছেন, দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে তাঁর দেশ বাংলাদেশের ফুটবল কোচদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত। গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল কীভাবে সহযোগিতা করতে পারে, জানতে চাইলে রাষ্ট্রদূত এ কথা বলেন।
বিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘ব্রাজিলের পররাষ্ট্রনীতি ও ব্রাজিল-বাংলাদেশ পররাষ্ট্র সম্পর্ক’ বিষয়ে বক্তৃতা করেন রাষ্ট্রদূত ওয়ানজা নবরেগা।
বিসের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ। রাষ্ট্রদূত নবরেগা বলেন, ফুটবল প্রমাণ করেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে ব্রাজিল। বিশেষ করে ঢাকাসহ সারা বাংলাদেশের আকাশে বিপুলসংখ্যক ব্রাজিলের পতাকা উড়তে দেখে তিনি অভিভূত হয়েছেন। তাই বাংলাদেশকে তাঁর নিজের বাড়ির মতোই মনে হয়। রাষ্ট্রদূত অকপটে বললেন, ব্রাজিলের নান্দনিক ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের এমন অকুণ্ঠ সমর্থনের ব্যাপারে ঢাকায় আসার আগে তাঁর ধারণাই ছিল না। এ প্রসঙ্গে তিনি সদ্যসমাপ্ত বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের বিপর্যয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুভূতির কথাও জানান। ওয়ানজা নবরেগা ঈদের দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন। শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে তাঁরা উভয়েই রাষ্ট্রদূতকে জানান, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জার্মানির কাছে প্রিয় দল ব্রাজিল পর্যুদস্ত হওয়ায় তাঁরা কষ্ট পেয়েছেন। ব্রাজিলের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এ অনুভূতি জেনে হৃদয়ের অন্তস্তল থেকে তাঁদের ধন্যবাদ জানান ওয়ানজা নবরেগা।
ঢাকায় ব্রাজিলের দূতাবাস আবার চালু হওয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক সদিচ্ছা কিংবা সম্পর্কের গুরুত্ব কমে যাওয়া নয়, আর্থিক সংকটের কারণে অতীতে বাংলাদেশে দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। তিনি জানান, দুই দেশের বাণিজ্য সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য ১৮ গুণ বেড়েছে।