বাংলাদেশের বইমেলা সামাজিক বন্ধন দৃঢ় করবে: ব্রাত্য বসু
কলকাতায় প্রথমবারের মতো বাংলাদেশের একক বইমেলা শুরু হলো। গতকাল বুধবার মেলার উদ্বোধন করে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এ বইমেলা দুই দেশের সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে। এর মাধ্যমে বাংলাদেশের বই সম্পর্কে কলকাতার বইপ্রেমীরা আরও জানতে পারবেন।এত দিন কলকাতায় বাংলাদেশের একক বইমেলা না হলেও এবার এ বইমেলা উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে আরও বেশি করে জানতে পারবে কলকাতার বইপ্রেমীরা।বুধবার সন্ধ্যায় কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এ বইমেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, বিশ্বভারতীর সাবেক উপাচার্য দিলীপ সিনহা, প্রখ্যাত চিত্রকর শুভাপ্রসন্ন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের হেড অব চ্যান্সারি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাণিজ্যসচিব মো. ওমর ফারুক প্রমুখ।সন্ধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বইমেলার উদ্বোধন করে বলেন, বই সীমান্তের কাঁটাতারের বেড়া ও বাঁধন মানে না। বই বেঁচে থাকে চিরদিন। বই সামাজিক বন্ধনের সেতু গড়ে তোলে। মেলা উদ্বোধন করে মন্ত্রী মেলায় অংশ নেওয়া ২৯টি প্রকাশনা সংস্থার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি স্টলে বাংলাদেশের বিভিন্ন বইয়ের খোঁজ নেন। তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় গিয়ে যেসব বই খুঁজেছিলাম, আজ সেগুলো দেখতে পেয়ে দারুণ খুশি লাগছে।’ ব্রাত্য বসু প্রথমা প্রকাশনের স্টল পরিদর্শনে এলে তাঁর হাতে তুলে দেওয়া হয় প্রথম আলোর ঈদসংখ্যা। সেটি পেয়ে তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান। বলেন, ‘আমি প্রথম আলো পত্রিকা সম্পর্কে জানি। বাংলাদেশের একটি ভালো কাগজ।’অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, আগেই বাংলাদেশের একক বইমেলা কলকাতায় হওয়া উচিত ছিল। দেরিতে হলেও এ বইমেলা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি কলকাতায় বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠান দেখা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘আমরা চাই, ঢাকায় যেমন ভারতের বিভিন্ন চ্যানেল দেখা যায়, তেমনি কলকাতায়ও বাংলাদেশের চ্যানেল দেখানো হোক।’যৌথভাবে এ বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।