বাংলাদেশের বরাদ্দ বাড়ছে মার্কিন উন্নয়ন বাজেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সহায়তা কার্যক্রমের ২০১৬ সালের বাজেটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নয়ন সহায়তা খাতে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ২০১৬ সালের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রধান সহযোগী দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন কংগ্রেসে উত্থাপিত ২০১৬ সালের বাজেটে উন্নয়ন সহায়তা খাতের পাশাপাশি আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ ২০১৪ সালের তুলনায় বেড়েছে। তবে স্বাস্থ্য, আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা এবং বৈদেশিক সামরিক অর্থায়ন খাতে বরাদ্দ কমেছে।
মার্কিন প্রেসিডেন্টের ২০১৬ সালের বাজেটে পররাষ্ট্র দপ্তর ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (ইউএসএআইডি) প্রায় ৩ লাখ ৯১ হাজার কোটি টাকা (প্রতি ডলার ৭৭ টাকা ৭০ পয়সা হিসাবে) বা ৫০ দশমিক ৩ বিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বৈদেশিক আপৎকালীন কার্যক্রমে প্রায় ৫৪ হাজার ৩৯০ কোটি টাকা (৭ বিলিয়ন ডলার) খরচ করার কথা বলা হয়েছে।
মার্কিন কংগ্রেসে দেওয়া ২০১৬ সালের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন সহায়তা খাতে বাংলাদেশকে ৭২২ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৪ সালে এ খাতে বরাদ্দ ছিল ৬৩৩ কোটি ৮৬ লাখ টাকা। উন্নয়ন সহায়তার জন্য দেওয়া বরাদ্দ চরম দারিদ্র্যবিমোচনের পাশাপাশি টেকসই উন্নয়ন, কার্যকর ও আইনসম্মত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ব্যবহার করার কথা রয়েছে।
বৈশ্বিক সন্ত্রাসবিরোধী প্রক্রিয়ায় দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান কর্মসূচি আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ। বাংলাদেশ ছাড়াও এ কর্মসূচিতে রয়েছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। ২০১৪ সালে আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশকে ৭ কোটি ৭৪ লাখ টাকা দেওয়া হয়েছিল। ২০১৬ সালে এ খাতে দেওয়া হবে ১১ কোটি ৬৫ লাখ টাকা।
তবে মার্কিন প্রেসিডেন্টের বাজেট প্রস্তাবে বৈদেশিক সামরিক অর্থায়ন খাতে বাংলাদেশের বরাদ্দ ১৯ কোটি ৪২ লাখ টাকা থেকে কমে ১৫ কোটি ৫০ লাখ টাকা এবং আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ ২০ কোটি ২০ লাখ থেকে কমে হয়েছে ১৫ কোটি ৫০ লাখ টাকা। আর স্বাস্থ্য খাতে এই বাজেট ৬১৭ কোটি ৭১ লাখ টাকা থেকে কমে ৫৫৩ কোটি টাকা হয়েছে।