বাংলাদেশের বাণিজ্য ও উন্নয়নে ইইউর সহায়তাপুনর্ব্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাণিজ্য ও উন্নয়নে সহায়তা পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে বাণিজ্য বিকাশের স্বার্থে ইউরোপীয় দেশের জোটটি স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছে।

গতকাল শনিবার সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি ক্যাথরিন অ্যাশটন এ অভিমত দিয়েছেন।

তাঁরা এদিন ‘সাংগ্রিলা সংলাপ’ নামে পরিচিত এশিয়ার নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে এ বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

পোশাকশিল্প খাতের সংস্কারের লক্ষ্যে সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা ক্যাথরিন অ্যাশটনকে জানান দীপু মনি। এ সময় তিনি শ্রম আইন সংশোধন ও ওয়েজবোর্ড গঠনের প্রসঙ্গ উল্লেখ করেন।

ইইউর মন্ত্রী পর্যায়ের এই কর্মকর্তার কাছে আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাঁরা দুজনই আশা করেন, সব দলের অংশগ্রহণে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। পোশাকশিল্পের সংস্কার এবং উন্নত শ্রমমান নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন ইইউর উচ্চপদস্থ কর্মকর্তা।