বাংলাদেশের বাণিজ্য সুবিধা কাটছাঁট করতে পারে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা কাটছাঁট করতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশের পোশাক কারখানায় সাম্প্রতিক দুর্ঘটনায় সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ ব্যবস্থা নিতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার এক খবরে জানিয়েছে, বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারি অন্যান্য সংস্থার সুপারিশের ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়। ৩০ জুন হোয়াইট হাউস থেকে এ সুপারিশমালা ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশকে দেওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) বাতিল করতে ২০০৭ সালে প্রথম পিটিশন দাখিল করে যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ শ্রম সংগঠন এএফএল-সিআইও। তবে মার্কিন সরকার এ বিষয়ে এত দিন কোনো সিদ্ধান্ত নেয়নি এই আশায় যে, বাংলাদেশের শ্রম খাতের দীর্ঘ প্রত্যাশিত সংস্কারের জন্য সুবিধা বাতিলের হুমকিই যথেষ্ট হবে।

কিন্তু গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন এবং গত এপ্রিলে রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জন শ্রমিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন এখন জিএসপি-সুবিধা বাতিল বা কাটছাঁট করতে পারে বলে মনে হচ্ছে। এএফএল-সিআইওর বাণিজ্যবিষয়ক প্রধান চেলেস্তি ড্রেক রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

 বিভিন্ন অনুন্নত দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ওই দেশের হাজার হাজার পণ্যকে শুল্কমুক্ত-সুবিধা দেয় যুক্তরাষ্ট্র। তবে এ জন্য ওই সব দেশকে কিছু শর্ত পূরণ করতে হয়।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জিএসপি-সুবিধা পায় ১৯৭৬ সালে। তবে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক আজ পর্যন্ত এ সুবিধা পায়নি। এর কারণ মার্কিন পোশাক খাতের উদ্যোক্তাদের বিরোধিতা। চার দশক আগে মার্কিন পোশাক খাতে শ্রমিকের সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ। কিন্তু এখন সেই সংখ্যা তিন লাখেরও কম।

গ্লোবাল ওয়ার্কস ফাউন্ডেশনের বাণিজ্য বিশ্লেষক এড গ্রেসার জানিয়েছেন, গত বছর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় ৪৯০ কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক। এ জন্য বাংলাদেশকে শুল্ক দিতে হয় প্রায় ৭৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। অথচ একই বছর যুক্তরাষ্ট্রে প্রায় চার হাজার ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে ফ্রান্স শুল্ক দিয়েছে মাত্র ৩৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

গ্রেসার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জিএসপি-সুবিধা বাতিল করলে এর প্রত্যক্ষ কোনো প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক খাতে পড়বে না।

বাংলাদেশ ও কম্বোডিয়ার তৈরি পোশাককে জিএসপি-সুবিধার অন্তর্ভুক্ত করতে এর আগে বিভিন্ন সময় সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা। কিন্তু মার্কিন পোশাক প্রস্তুতকারকদের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।

প্রয়োজনীয় শর্ত মানতে না পারায় আশির দশকে কমপক্ষে ১৩টি দেশের জিএসপি-সুবিধা আংশিক বা পুরোপুরি বাতিল করা হয়। তবে পরবর্তী সময়ে শর্ত পূরণ করে সুবিধা ফেরত পেয়েছে বেশির ভাগ দেশ।