বাংলাদেশের বাণিজ্য সুবিধা স্থগিতের আহ্বান নয় মার্কিন সিনেটরের
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ যেসব বাণিজ্য-সুবিধা পেয়ে থাকে, তা স্থগিত রাখার জন্য গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন নয়জন ডেমোক্র্যাট সিনেটর। বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ও কাজের পরিবেশের অগ্রগতি হওয়ার আগ পর্যন্ত এ সুবিধা স্থগিত রাখার আহ্বান জানানো হয়।
গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১০০-এরও বেশি শ্রমিক নিহত হওয়ার দুই মাস পর মার্কিন সিনেটররা প্রেসিডেন্ট ওবামার কাছে এই আহ্বান জানালেন।
ডেমোক্র্যাট সিনেটররা বলেন, ‘বাংলাদেশের জন্য অগ্রধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত এবং সে দেশের পোশাক কারখানাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করাসহ শ্রম আইন সংশোধনের জন্য রোডম্যাপ তৈরি ও এর জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে আমরা ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশের জন্য জিএসপি-সুবিধা স্থগিত করা হবে কি না, সে বিষয়ে চলতি মাসেই প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্ত নেওয়ার কথা। বিবিসি ও রয়টার্স।