বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসম্যান

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান সেনডের লেভিন বলেছেন, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিত করা বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কোনো অবস্থান নয়। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে সেনডের লেভিন এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের ট্রেড রেজিস্ট্রার (ইউএসটিআর) চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জিএসপি-সুবিধা পুনর্বহাল করবে।
লেভিন আশাবাদ ব্যক্ত করেন, ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও উন্নত হবে। তিনি বলেন, এই খাতের উন্নয়নে ক্রেতা ও বিক্রেতাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব মানুষের জন্য বড় ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ জনগণের কল্যাণে নেওয়া বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে।
শেখ হাসিনা রানা প্লাজায় ভবনধস ও প্রাণহানির মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে বলেন, ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার অভিযান শুরু করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ এবং আহতদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় শ্রম আইন-২০১৩ প্রণয়ন করা হয়েছে। সরকার কারখানাগুলোর নিরাপত্তা উন্নয়নে দুই শতাধিক শ্রমিক নিয়োগ এবং সাতটি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া কারখানা ও শ্রমিকদের সম্পর্কে তথ্য জোগান দিতে ওয়েবসাইট চালু করা হবে।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এ সময় উপস্থিত ছিলেন।