বাংলাদেশের বিরুদ্ধে নাইকোর দুই মামলা নিষ্পত্তির প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিরুদ্ধে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেসের করা দুটি মামলা নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সোমবার। জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটে (আইসিএসআইডি) আজ মামলার ‘প্রোসিডিওরাল কনসালটেশন’ (মামলার পদ্ধতিবিষয়ক আলোচনা) শুরু হবে।সরকারি সূত্র জানায়, দুই দিনব্যাপী এই আলোচনায় মামলা নিষ্পত্তির পদ্ধতি, শুনানির স্থান-তারিখ প্রভৃতি নির্ধারণ করা হবে। নাইকো গত বছরের ১২ এপ্রিল একটি এবং ১৬ জুন অপর মামলাটি করে। দেশের দুটি বন্ধ গ্যাসক্ষেত্র—টেংরাটিলা (ছাতক উত্তর) ও ফেনী, প্রান্তিক (যে ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা শেষ হয়ে গেছে) হিসেবে দেখিয়ে নাইকোকে তা উন্নয়নের কাজ দেওয়া হয়েছিল।অভিযোগ আছে, প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে, মূলত রাজনৈতিক সিদ্ধান্তে নাইকোকে ওই কাজ দেওয়া হয়। এ ছাড়া প্রান্তিক হিসেবে দেখানো হলেও প্রকৃতপক্ষে গ্যাসক্ষেত্র দুটি প্রান্তিক ছিল না। বিগত আওয়ামী লীগ এবং পরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে এই কাজ দেওয়ার প্রক্রিয়া চলে। যে কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা হয়েছিল।সূত্র জানায়, কানাডার অখ্যাত কোম্পানি নাইকো সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্র উন্নয়নের সময় ২০০৫ সালের জানুয়ারি ও জুন মাসে দুই দফা বিস্ফোরণ (ব্লো আউট) ঘটায়। কোম্পানির অদক্ষতাই এর কারণ ছিল। এতে বিপুল পরিমাণ গ্যাস পুড়ে যাওয়াসহ ক্ষেত্রটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্যাসক্ষেত্রের আশপাশের এলাকার পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হয়। বাংলাদেশ এর ক্ষতিপূরণ হিসেবে ৭৪৬ কোটি টাকা দাবি করে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলা করে। নাইকো এ ব্যাপারে আইসিএসআইডিতে আপত্তি জানিয়ে বাংলাদেশ এই ক্ষতিপূরণ পাবে কি না, পেলে তার পরিমাণ কত হবে, সে বিষয়ে আইসিএসআইডির নির্দেশনা চায়।এ অবস্থায় ফেনী ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করা বাবদ নাইকো যে টাকা পাচ্ছিল তা বন্ধ হয়ে যায়। টেংরাটিলার ক্ষতিপূরণ না দিলে ফেনীর গ্যাসের দাম পরিশোধ বন্ধ রাখা-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দেন। এর কিছুদিন পর নাইকো ফেনী থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেয়। গত বছরের ১২ এপ্রিল নাইকো টেংরাটিলার ক্ষতিপূরণের জন্য ফেনীর গ্যাসের দাম আটকে রাখার বিরুদ্ধে আইসিএসআইডিতে মামলা করে। এরপর ১৬ জুন একই আদালতে দ্বিতীয় মামলাটি করে ফেনীর গ্যাসের জন্য তাদের পাওনা পরিশোধের দাবিতে।জানা যায়, প্রথম মামলা হওয়ার পর পেট্রোবাংলা ড. কামাল হোসেনকে এই মামলা পরিচালনার জন্য অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি ২১ জুন আইসিএসআইডিতে বাংলাদেশের পক্ষে একটি আপত্তি উপস্থাপন করেন। ইতিমধ্যে নাইকো দ্বিতীয় মামলা করলে পেট্রোবাংলা এটি পরিচালনার জন্যও ড. কামালকে অনুরোধ করে। তবে পরে আর তাঁকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। জানা গেছে, ড. কামালকে বাদ দিয়ে এ দুটি মামলাই পরিচালনার জন্য আইনজীবী তৌফিক নেওয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে। নেওয়াজ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির স্বামী।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, ড. কামাল দেশের পক্ষে মামলা পরিচালনার জন্য কোনো ফি নেন না। তবে নেওয়াজকে ফি দিতে হবে। এর পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।ড. কামাল হোসেন এর আগে শেভরন ও সিমিটারের বিরুদ্ধে দেশের পক্ষ হয়ে দুটি মামলা পরিচালনা করেছেন এবং দুটিতেই বাংলাদেশ জয়ী হয়েছে। ১৯৯৪ সালের ৫ এপ্রিল সিমিটারের মামলায় প্রথম জয় পায় বাংলাদেশ। এর ফলে জালালাবাদ গ্যাসক্ষেত্র এবং সুরমা-১ ক্ষেত্রের এক নম্বর কূপের মালিকানা ফিরে পায় বাংলাদেশ। দ্বিতীয় জয় আসে শেভরনের মামলায়, ২০১০ সালে। সঞ্চালন লাইনের হুইলিং চার্জ নিয়ে করা মামলার রায় শেভরনের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশ হুইলিং চার্জ বাবদ ২০ বছরে পাবে দুই হাজার ৩২৪ কোটি টাকা।এদিকে আইনজীবী আজমালুল হোসেন কিউসি পরিচালিত সাইপেমের মামলায় বাংলাদেশ হেরে যাওয়ায় বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়। নর্থ সাউথ গ্যাস পাইপলাইন নিয়ে সাইপেম মামলাটি করেছিল।আইসিএসআইডিতে নাইকোর করা মামলা দুটিতে (নম্বর ১০/১১ এবং ১০/১৮) বাংলাদেশের প্রস্তাবে নিউজিল্যান্ডের অধ্যাপক সি. ম্যাকল্যান কিউসিকে এবং নাইকোর প্রস্তাবে ফ্রান্সের জ্যাঁ পলসনকে সালিস (আরবিট্রেটর) নিয়োগ করা হয়েছে। ট্রাইব্যুনালের সভাপতি করা হয়েছে মাইকেল শনেলডারকে।মামলার বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ‘শেভরনের মামলার মতো নাইকোর করা মামলা দুটিতেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’