বাংলাদেশের বিশ্বাসী অংশীদার ও বন্ধু ভারত: সরন
শান্তি ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য ভারত ও বাংলাদেশ কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ও ভারত গত ৪৩ বছরে কঠিন সময় পার করেছে। এখন আমরা এমন একটা সমাজ ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার চেষ্টা করছি, যেখানে দারিদ্র্য বিমোচন, নিরক্ষতা হ্রাস ও কর্মক্ষেত্র সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারত সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তান ও উত্তরাধিকারদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।
পঙ্কজ সরন বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের বিশ্বাসী অংশীদার ও বন্ধু। এই অংশীদারি সমতাভিত্তিক। আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি। আরও ভালো বোঝাপড়ার জন্য মতবিনিময় করতে পারি। যা প্রমাণ করবে দক্ষিণ এশিয়ার মধ্যে দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ একসঙ্গে কীভাবে কাজ করতে পারে ও প্রতিবেশী অঞ্চল গড়ে তুলতে পারে।’ তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তিপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও ভালো করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের হাইকমিশনার জানান, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে তরুণ প্রজন্মকে আরও ভালো শিক্ষা ও নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাঁদের সন্তানদের এই বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত শিক্ষিত ও দক্ষ জনশক্তি পেতে এবং বাংলাদেশের লক্ষ্য অর্জন ও চ্যালেঞ্জ মোকাবিলায় এটা সাহায্য করবে।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জামায়াত যুদ্ধাপরাধী দল। পৃথিবীর অন্যান্য দেশের মতো ধর্মভিত্তিক দল থাকতে পারে। তবে বাংলাদেশে যুদ্ধাপরাধী দল নিষিদ্ধ হতেই হবে। বৃত্তি প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের বন্ধু। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে আশা প্রকাশ করেন তিনি।
এরপর ঢাকা বিভাগের ৩০ শিক্ষার্থীকে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, ভারত সরকার এ বছর উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে এক হাজার ৩৬৪ জন মুক্তিযোদ্ধার সন্তান, এমন শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। সারা দেশ থেকে মনোনীত বৃত্তিপ্রাপ্ত উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিবছর ২৪ হাজার টাকা করে পাবেন। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ভারত সরকার ২০০৬-০৭ সাল থেকে এই বৃত্তি প্রদান করে আসছে। এ পর্যন্ত উচ্চমাধ্যমিক পর্যায়ে চার হাজার ৪৬২ এবং স্নাতক পর্যায়ে দুই হাজার ৮০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।