বাংলাদেশের বিষয়ে নাক গলানোর কোনো ইচ্ছা নেই: তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক
তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের নাক গলানোর কোনো ইচ্ছা নেই। কিন্তু মৃত্যুদণ্ড বিলোপকারী দেশ হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি কার্যকরের বিষয়ে তুরস্ক প্রতিবাদ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক।
গত ১৫ জুলাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে উৎখাত করতে সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে ঢাকায় তুরস্ক দূতাবাস ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান নেওয়া তুরস্কের রাজনৈতিক নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করছে এরদোয়ান সরকার।
সংবাদ সম্মেলনের শুরুতে দেউরিম ওজতুর্ক ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানান। গত ১৫ জুলাইয়ের সেনা অভ্যুত্থানের সময় তুরস্কের গণতন্ত্রের প্রতি সমর্থন জানানোয় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
গত মে মাসে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়। এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট ওই সময় আনুষ্ঠানিক বিবৃতি দেন। রাষ্ট্রদূত দেউরিমকে তুরস্কে ডেকে পাঠানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। ১০ আগস্ট আল্লামা সিদ্দিকী তাঁর আঙ্কারার কর্মস্থলে ফিরে গেছেন। প্রায় তিন মাস তুরস্কে অবস্থানের পর গত শুক্রবার ঢাকায় ফিরেছেন দেউরিম ওজতুর্ক।
এরদোয়ানের ওই প্রতিক্রিয়ার ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো ইচ্ছাও আমাদের নেই। কিন্তু তুরস্কে মৃত্যুদণ্ড বিলোপ করা হয়েছে। দুই দেশের সম্পর্ক বেশ ভালো ও আন্তরিক। বন্ধুপ্রতিম দেশ হিসেবে এই অবস্থান থেকেই বাংলাদেশের কাছে ভ্রাতৃসুলভ পরামর্শ তুলে ধরেছি। এটিকে ভুলভাবে দেখা হচ্ছে।’ তবে মৃত্যুদণ্ড সামাজিক বিভেদ মেটানোর ক্ষেত্রে সহায়ক নয় বলে তিনি মন্তব্য করেন।
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বাংলাদেশের বিষয়ে তুরস্কের অবস্থান নমনীয় হয়েছে কি না, জানতে চাইলে দেউরিম ওজতুর্ক বলেন, ‘আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমরা সম্পর্কোন্নয়নে গুরুত্ব দিয়ে থাকি বলে বাংলাদেশের ব্যাপারে আমরা আন্তরিক।’
জামায়াতে ইসলামীর প্রতি তুরস্কের কোনো রকম সহানুভূতি আছে কি না, জানতে চাইলে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তাঁরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখেন। এ ক্ষেত্রে তাঁরা কোনো বৈষম্য করেন না। আর এই মুহূর্তে জামায়াতে ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল।
তুর্কি রাষ্ট্রদূত জানান, সে দেশে গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মদদদাতা ফেতুল্লাহ গুলেনের বিশ্বের ১৬০টি দেশে সমর্থক রয়েছে। বাংলাদেশেও টার্কিশ হোপ স্কুলসহ কিছু প্রতিষ্ঠানে তাদের উপস্থিতি আছে। এ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। টার্কিশ হোপ স্কুল বন্ধের জন্য বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো মনে করি, কমপক্ষে স্কুলের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা উচিত।’
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে বিশ্বজুড়ে তুরস্কের প্রায় ৩০০ কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে ঢাকায় তুর্কি দূতাবাসে কর্মরত তিনজনকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।