বাংলাদেশের বুকে ব্রাজিলরঙা বাড়ি

আর এক দিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল পর্ব। এবারের সেমিফাইনালে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এ দুই দলকে ফাইনালে মুখোমুখি দেখতে চান বাংলাদেশের অধিকাংশ মানুষ।
প্রিয় দলের প্রতি নিজেদের সমর্থনের প্রমাণ দিতে চলছে নানা প্রতিযোগিতা। তবে এদিক থেকে অন্যদের চেয়ে কয়েক কাঠি এগিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লালপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ওরফে টুটুল। প্রিয় দলের প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করতে নিজের ছয়তলা বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন তিনি।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত টুটুল ২০১০ সালের বিশ্বকাপের সময়ও এ কাজ করেছিলেন। সে সময় তাঁর বাড়িটি ছিল দোতলা। তবে পাড়া-প্রতিবেশীরা তাঁর এ ব্রাজিলপ্রীতি ভালো চোখে দেখেননি। অনেকেই গোবর ছুড়ে মেরে তাঁর বাড়ির রংটা নষ্ট করে দিয়েছিলেন। এমনকি কেউ কেউ তাঁকে ‘পাগল’ বলেও খেপিয়েছেন।
এত সব অপ্রীতিকর ঘটনা ব্রাজিলের প্রতি টুটুলের ভালোবাসা একটুও কমাতে পারেনি। এখন তাঁর বাড়িটি ছয়তলা। এবারও পুরো বাড়িটিই ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। শুধু তা-ই নয়, তাঁর বাড়ির ছাদে উড়ছে ব্রাজিলের পতাকা। তাঁর বাড়িটি এক ঝলক দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের লোকজন।