বাংলাদেশের শাহবাগ মিসরের তাহরির স্কয়ারে পরিণত হয়েছে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। তাদের সেই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে লন্ডনেও। এখানেও একই দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে এবং বিক্ষোভকারীদের ওপর জামায়াত-শিবিরের সমর্থকদের হামলার ঘটনাও ঘটেছে।যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক নিবন্ধে এসব কথা বলা হয়। গতকাল রোববার প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়, শাহবাগে আন্দোলন করছেন হাজার হাজার তরুণ। তাঁদের প্রতি সহানুভূতিশীল রাজনীতিবিদেরাও ওই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারছেন না। তরুণ প্রজন্ম তাঁদের পাত্তাই দিচ্ছে না। কেননা, তাঁরা অগ্রহণযোগ্য ব্যক্তিদের সঙ্গে আপস করেছেন।নিবন্ধে বলা হয়, পশ্চিমা গণমাধ্যমে ওই আন্দোলনের খবর স্বাভাবিকভাবেই গুরুত্বসহকারে জায়গা পাচ্ছে না। তাদের এই নিঃস্পৃহতার বিষয়টি আরও বেশি চোখে পড়ছে এ কারণে যে শাহবাগ আন্দোলন এমন অপরাধের বিরুদ্ধে, একসময় যার নিন্দা করত পশ্চিমারা। কিন্তু এখন প্রায় ভুলেই গেছে।নিবন্ধে আরও বলা হয়, জামায়াত-শিবিরের বিরুদ্ধে শাহবাগের ওই আন্দোলন ইতিমধ্যে লন্ডনেও পৌঁছে গেছে। ৯ ফেব্রুয়ারি লন্ডনের আলতাব আলী পার্কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু তাঁদের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের সমর্থকেরা।নাম প্রকাশ না করার শর্তে লন্ডনে বিক্ষোভ সমাবেশের আয়োজকদের একজন বলেন, ‘তারা পাথর নিয়ে আমাদের ওপর হামলা চালায়। সেখানে বয়স্ক মানুষ এবং নারী-শিশুরাও ছিল, কিন্তু এর পরও তারা হামলা চালিয়েছে।’কিন্তু এসব করে বিক্ষোভ-সমাবেশ থেকে বিরত রাখা যায়নি শাহবাগ আন্দোলনের সমর্থকদের। তাঁরা আবার ওই পার্কে বিক্ষোভ করতে যাচ্ছেন। যদিও এ নিয়ে তাঁদের মধ্যে একটু উদ্বেগও রয়েছে। কেননা, শাহবাগের আন্দোলনের কর্মী আহমেদ রাজীব হায়দার গত শুক্রবার খুন হয়েছেন।