প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এগিয়ে আসার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলন-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।দেশের ছয় লাখ ইমামের প্রতি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সরকারের প্রচেষ্টায় অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাসী ও জঙ্গি জাতি হিসেবে বিদেশে আমাদের বদনাম পুরোপুরি মুছে ফেলতে চাই।’ শেখ হাসিনা বলেন, ইমামরা প্রাচীনকাল থেকে ধর্মীয় নেতা হিসেবে সমাজে সমাদৃত; পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে তাঁদের দায়িত্ব অপরিসীম। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিরা দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিস্তারের জন্য দায়ী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই, যাতে তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটাতে পারে।’ধর্ম প্রতিমন্ত্রী এম শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ধর্মবিষয়ক সচিব কাজী হাবিবুল ইসলাম। ইউএনএফপিএর সহায়তায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শেখ হাসিনা বলেন, সৌদি কর্তৃপক্ষ এ বছর হজ ব্যবস্থাপনায় সাফল্যের স্বীকৃতস্বরূপ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে প্রশংসাপত্র দিয়েছে। এ জাতির বিভিন্ন অর্জন যাতে কেউ নস্যাৎ করতে না পারে, সে জন্য তিনি ইমামদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।প্রধানমন্ত্রী সারা দেশের সেরা ইমামদের মধ্যে ক্রেস্ট, সনদ ও চেক বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ইউএনএফপিএর স্থানীয় প্রতিনিধি আর্থার এরকেন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তৃতা করেন।আর্থার এরকেন বলেন, প্রায় ৫০ হাজার ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শান্তির ধর্ম হিসেবে ইসলামের মর্মকথার পাশাপাশি সামাজিক শান্তি, নারীর ক্ষমতায়নসহ সমাজের বিভিন্ন বিষয়ের ওপর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রী, সাংসদ, কূটনীতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।