বাংলাদেশের ভিসা পাননি কলকাতার ২ মানবাধিকারকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলানী হত্যা
ফেলানী হত্যা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের মৃত্যুর জন্য ভারতীয় সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা করতে যাচ্ছেন—এমন দুজন মানবাধিকার কর্মীকে ভিসা দিতে অস্বীকার করেছে বাংলাদেশ। কলকাতাভিত্তিক মানবিধাকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) দুই কর্মীকে ছয় দিন অপেক্ষায় রেখে ভিসা দেয়নি কালকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন। ওই দুই কর্মী হলেন মাসুমের প্রধান ত্রিবেদী রায় ও সাবেক বিচারপতি মলয় সেনগুপ্ত। সীমান্তে হত্যা নিয়ে সরব মাসুমের প্রধান ত্রিবেদী রায় গত রাতে বিবিসি বাংলাকে বলেন, ফেলানী হত্যা নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করার পরিকল্পনা করছেন তাঁরা। এ জন্য নথিপত্র জোগাড় করতে এবং ফেলানীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি ও সাবেক বিচারপতি মলয় সেনগুপ্ত বাংলাদেশে যেতে চান। এ জন্য তাঁরা ছয় দিন আগে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে ভিসার আবেদন করেন। গতকাল আকাশপথে তাঁদের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিসা ছাড়াই পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে উপ-হাইকমিশন। ত্রিবেদী রায় বলেন, উপ-হাইকমিশন থেকে তাঁদের জানানো হয়, ঢাকা থেকে অনুমতি না পাওয়ায় তাঁদের ভিসা দেওয়া যাচ্ছে না। পর্যটক হিসেবে তিনি বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন করেছিলেন। তবে ফেলানী হত্যার জন্য হাইকোর্টে মামলা করতে চাওয়ার বিষয়টিও উপ-হাইকমিশনকে তিনি জানান। অন্যদিকে সাবেক বিচারপতি মলয় সেনগুপ্ত ভিসার আবেদনে বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন, সালিশ কেন্দ্রসহ চারটি সংস্থার আমন্ত্রণের কথা উল্লেখ করেন। তবে ত্রিবেদী অভিযোগ করেন, বাংলাদেশ উপ-হাইকমিশন চায় না ফেলানী হত্যার বিচার নিয়ে তাঁরা অগ্রসর হোন। ভারত সরকার বাধা না দিলে ফেলানী হত্যার বিচার চাইতে ফেলানীর পরিবারকে ভারতে আনা হতে পারে। এদিকে দূতাবাস সূত্রে জানা গেছে, ত্রিবেদী রায় পর্যটক ভিসায় বেশ কবার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ গত মার্চেও তিনি বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশে এসে কী করেন, দূতবাস জানতে চেয়েছে। বিবিসি।