
চট্টগ্রাম বিভাগের আওতাধীন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায় অনুষ্ঠিত উন্নয়ন মেলায় বক্তারা বলেছেন, দেশের প্রত্যেক নাগরিককে সততা, দেশপ্রেম ও পরোপকারের মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে কাজ করে যেতে হবে।
গতকাল সোমবার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে উন্নয়ন মেলা শুরু হয়েছে। তিন দিনের এ মেলার স্লোগান ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি তথ্যপ্রযুক্তির মাধ্যমে কীভাবে সহজেই সরকারি সেবা পাওয়া সম্ভব, তা মেলায় তুলে ধরা হয়েছে। মেলা উপলক্ষে প্রতিটি জেলায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা ও উপজেলা সদরে অনুষ্ঠিত এই মেলায় সরকারি ও বেসকারি বিভিন্ন সংস্থা অংশ নিচ্ছে।
ফেনীজেলা সদরের পিটিআই মাঠে গতকাল সকালে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে পথপ্রদর্শকের ভূমিকায় রয়েছে বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, পুলিশ সুপার মো. রেজাউল হক ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান।
নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে গতকাল বিকেলে উন্নয়ন মেলার উদ্বোধন করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। উদ্বোধনের পর একই স্থানে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ এবং এসডিজি বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
লক্ষ্মীপুরেরসদর উপজেলা পরিষদের সামনে থেকে গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
কক্সবাজারশহরের শহীদ দৌলত ময়দানে গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাংসদ খোরশেদ আরা হক। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন আগামীর বাংলাদেশ’ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, জেলা সিভিল সার্জন পু চ নু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মো. রুহুল কুদ্দুস, আওয়ামী লীগের জেলা সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. আবদুর রহমান।
সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, দেশে এখন খাদ্য ঘাটতি নেই। নেপালে ভূমিকম্প হলে বাংলাদেশের পক্ষ থেকে সাহায্য পাঠানো হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, নোয়াখালী ও ফেনী অফিস এবং লক্ষ্মীপুর প্রতিনিধি]