বাংলাদেশের ভূমিকার প্রশংসা বিক্ষিপ্ত সহিংসতায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার ওপর যুক্তরাষ্ট্রের ২০১১ সালের প্রতিবেদনে এ অভিমত দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আগের বছরের তুলনায় ধর্মীয় সহিংসতা কমেছে। তবে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘু নির্যাতনের কিছু ঘটনা ঘটেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার বার্ষিক এ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশের ধর্মীয় সহনশীলতার আদর্শ সমুন্নত রাখতে কোথাও কোথাও উন্নতি করার প্রয়োজন রয়েছে।মার্কিন প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা, শ্রদ্ধা, অন্তর্ভুক্তি, সহনশীলতা ইত্যাদি এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সংবিধানের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য আইন ও নীতি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, যে কারণে সরকার ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল।পর্যবেক্ষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সরকারের আচরণে যথেষ্ট অগ্রগতি চোখে পড়েছে। বিশেষ করে, ধর্মীয় কল্যাণ ফান্ডের তহবিল বৃদ্ধি ও সামাজিকভাবে হামলার শিকার হওয়া সংখ্যালঘু জনগোষ্ঠীকে পুলিশি সহায়তা দেওয়া এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।প্রতিবেদনে ফতোয়া নিষিদ্ধ করে সুপ্রিম কোর্টের রায়, নারী অধিকার রক্ষায় উত্তরাধিকার আইনে আরও সমতা আনার বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে শান্তি বজায় রাখতে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গত বছর বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা হরণের ‘কোনো খবর’ পাওয়া যায়নি। কোথাও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ শান্তিপূর্ণভাবে তা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। বিচ্ছিন্নভাবে সংখ্যালঘুরা সহিংসতার শিকার হলেও এতে রাষ্ট্র নয়, বরং বেসরকারি পক্ষগুলো জড়িত ছিল। বিক্ষিপ্তভাবে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হয়েছে। থেমে নেই আহমদিয়া নিপীড়ন। তাই এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়ে গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান এবং রাষ্ট্রীয় নীতি ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করে, যা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের একটি প্রধান উপাদান। তবে দেশের আদর্শগুলো সঠিকভাবে তুলে ধরতে কোথাও কোথাও আরও অগ্রগতি প্রয়োজন।